এনটিভিতে নাঈম-নিশার ‘দুজনে’
অভিনয়শিল্পী এফ এস নাঈম ও মেহেরিন ইসলাম নিশা জুটি বেঁধে সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘দুজনে’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। এনটিভিতে আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।
পরিচালক রাহাত মাহমুদ বলেন, “প্রকৃতির মতো ভালোবাসারও রং বদলায়। গুরুতর কোনো সমস্যা না থাকলেও স্বামী-স্ত্রীর মান-অভিমান অনেক সময় প্রকট আকারে দেখা দেয়। দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরও ভালোবাসার টানে বিরহে কাতর হয়ে দুজন দুজনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। দুজন-দুজনার অনেক শর্ত মেনে নিলেও সামনাসামনি হার স্বীকার করতে রাজি হয় না কেউই। এ রকম একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দুজনে’।”
রাহাত মাহমুদ আরো বলেন, ‘নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে নাঈম ও নিশা দুর্দান্ত অভিনয় করেছেন। ভালোবাসা কিংবা ঝগড়ার দৃশ্য তাঁরা এককথায় ফাটাফাটি করেছেন। আশা করছি, নাটকটি দেখে দর্শক অনেক আনন্দ পাবেন। এ ছাড়া যাঁরা নতুন সংসার করছেন, তাঁরা নাটকটি দেখে অনেক কিছু শিখতে পাবেন।’
অভিনেতা এফ এস নাঈম বলেন, ‘নাটকটি রোমান্টিক হলেও গল্পটা চমৎকার। নাটকটির নির্মাণশৈলীও দারুণ হয়েছে। নাটকটিতে কাজের অভিজ্ঞতাও অনেক ভালো ছিল।’
এফ এস নাঈম ও মেহেরিন ইসলাম নিশা দুজনই এখন টিভি নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। ভবিষ্যতে ভালো গল্প পেলে চলচ্চিত্রেও কাজ করতে চান বলে জানান নিশা।

ফিচার ডেস্ক