৫০ পর্বে ধারাবাহিক নাটক ‘সংসার’
তারকাবহুল ‘ সংসার’ ধারাবাহিক নাটকের ৫০তম পর্ব এনটিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে আজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল।
নাটকটি প্রসঙ্গে দোদুল বলেন, ‘নাটকটির ৫০তম পর্ব আজ প্রচারিত হবে ভেবে অনেক ভালো লাগছে। নাটকটিতে অনেক ভালো ভালো শিল্পী অভিনয় করছেন। আমরা যখন নাটকের শুটিং করি তখন অনেক আনন্দ নিয়েই করি। আমাদের সবার মাঝে বন্ধন তৈরি হয়েছে।’
‘সংসার’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, নাদিয়া, এ্যালেন শুভ্র, তানজিন তিশা, রুনা খান, সাঈদ বাবু, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, সজল প্রমুখ।
‘সংসার’ নাটকের গল্পে দেখা যায়, ‘সাধারণ মোড়কে মোড়ানো, একটি অসাধারণ পরিবারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে গড়ে উঠেছে নাটকের মূল কাঠামো। যে পরিবারের রয়েছে পারিবারিক সদস্যদের বিচরণ এবং প্রত্যেক সদস্যের জীবন গল্প। সেই জীবন গল্পের মধ্য দিয়েই চিত্রিত হতে থাকে সবার ব্যক্তিগত দর্শন, চিন্তা-প্রক্রিয়া, মানসিক-সামাজিক অবস্থা, জীবন অভিজ্ঞতা, স্বপ্ন, চাওয়া-পাওয়া, আনন্দ বেদনাসহ সব মানবিক আবেগ। ধাবিত হতে থাকে নাট্য ঘটনা। বিস্তৃত হতে থাকে ডাল-পালাসহ একটি বৃক্ষরূপ পরিবার।’

ফিচার ডেস্ক