তাহসান ও মোনালিসার ‘রিভিশন’
এ প্রজন্মের জনপ্রিয় তারকা তাহসান ও মোনলিসা জুটি বেঁধে একটি রোমান্টিক টেলিফিল্মে অভিনয় করেছেন। নাম ‘রিভিশন’। নাটকটি লিখেছেন শাফায়েত মনসুর রানা। পরিচালনা করেছেন তিনি নিজেই।
টেলিফিল্মটিতে রাইয়ান চরিত্রে তাহসান ও মায়েশা চরিত্রে মোনালিসাকে দেখা যাবে। এখানে তাহসান ও মোনালিসা ছাড়া আরো অভিনয় করেছেন বাপ্পী আশরাফ, সুষমা, ফারিয়া, অহনা প্রমুখ।
টেলিফিল্মটি আজ শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
টেলিফিল্মের গল্পে দেখা যাবে, রাইয়ান সুদর্শন হওয়ার কারণে মেয়েরা স্বভাবতই তার সঙ্গ পছন্দ করে। রাইয়ানও ব্যাপারটি উপভোগ করে। অন্যদিকে, মায়েশার সঙ্গে রাইয়ানের প্রেম থাকে। কিন্তু অন্য সব মেয়ের সঙ্গে রাইয়ান যেভাবে উদাসীন সময় পার করে, মায়েশার সঙ্গেও সে অনেকটা একই রকমভাবে সময় কাটায়। একদিন ঘটনাক্রমে রাইয়ানের আসল চেহারা বুঝতে পারে মায়েশা। রাইয়ানের সঙ্গে সম্পর্কের ইতি টানে সে। এর পর থেকে রাইয়ানের জীবন খুব খারাপ কাটে। একপর্যায়ে রাইয়ান বুঝতে পারে, মায়েশাই ছিল তার জীবনের পরিপূর্ণ সঙ্গী। এভাবে এগিয়ে যায় টেলিফিল্মের গল্প।

ফিচার ডেস্ক