‘মিস্টার পারফেকশনিস্ট’ ইমন
নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করছেন ইমন। সাবলীল অভিনয় করে দর্শকপ্রিয় হয়েছেন অনেক আগেই।
‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী গুণী এই অভিনেত্রী। গত বছর ঢাকায় এসেছিলেন তিনি। তখন ইমনের সঙ্গে দীর্ঘ ছয় বছর পর এই নাটকের শুটিং করেছিলেন মোনালিসা।
খায়রুল বাসার নির্ঝরের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। নাটকটি আজ শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে আরো একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা।
এই নাটকে মোনালিসা ওশিন ও ইমন মাহফুজ চরিত্রে অভিনয় করেছেন। মাহফুজের বয়স ৩০। ব্যাচেলর এই ছেলেটি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। সবাই তাকে মিস্টার পারফেকশনিস্ট বলে ডাকে। এর পেছনে যথেষ্ট কারণ আছে। মাহফুজ প্রতিটি কাজে মারাত্মক রকমের খুঁতখুঁতে। একা একা থাকে। কারো সঙ্গে মেশে না। আগ বাড়িয়ে কথাও বলে না। প্রেমও করতে পারেনি কখনো। কারণ তার মতো এতটা পারফেকশনিস্ট কাউকে খুঁজে পায়নি সে। ফলে তার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। কিন্তু মনের মতো কাউকে পাচ্ছে না সে। হঠাৎ ওশিন নামের একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়। কিন্তু ওশিন তার বিপরীতমুখী চরিত্রের। একপর্যায়ে এই দুই ভিন্ন চরিত্রের মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।
পরে ওশিন জানতে পারে মাহফুজ সুস্থ মানুষ নয়। সে যে রোগে ভুগছে ওই রোগের নাম অবসেসিভ-কমপালসিভ পারসোনালিটি ডিসঅর্ডার। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।

ফিচার ডেস্ক