অভিনেতা পার্থ মুখোপাধ্যায় আর নেই
কলকাতার জনপ্রিয় অভিনেতা পার্থ মুখোপাধ্যায় মারা গেছেন আজ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৭০ বছর বয়সী এই অভিনেতা।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো থেকে জানা যায়, কিছুদিন ধরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ মুখোপাধ্যায়। হাসপাতালেই আজ সকালে মারা যান তিনি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
পার্থ মুখোপাধ্যায় ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৬ সালে চিত্ত বসু পরিচালিত ‘মা’ ছবিতে শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন তিনি।
টলিউড এই অভিনেতা উত্তম কুমারের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। উত্তম কুমারের ছেলে, আবার কখনো তাঁর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনেতার পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন পার্থ মুখোপাধ্যায়। তাঁর স্ত্রী অসীমা ভট্টাচার্যও জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী।
পার্থ মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘অতিথি’, ‘ধন্যি মেয়ে’, ‘আমার পৃথিবী’,‘অগ্নিশ্বর’ ইত্যাদি।

ফিচার ডেস্ক