মাফিয়া ডন চরিত্রে রজনীকান্ত
দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে তিনি ঈশ্বরতুল্য। শুধু তাই নয়, পুরো ভারতে এমনকি এশিয়া মহাদেশেও এক সুপারস্টারের নাম রজনীকান্ত। বয়সে বৃদ্ধ হয়ে গেলেও এখনো অক্লান্তভাবে অভিনয় করে চলেছেন অ্যাকশন হিরোর ভূমিকায়। এনডিটিভির খবরে জানা গেল এক নতুন রূপে রজনীর আবির্ভাবের কথা। এক মাফিয়া ডনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি একটি নির্মিতব্য থ্রিলার ছবিতে।
এই তামিল ছবিটির নাম ‘কাবালি’। চেন্নাইয়ের এক মাফিয়া ডনের জীবন থেকেই এ ছবির গল্প নেওয়া, তবে এই ‘সত্য ঘটনা’র প্রভাব মূল ছবিতে খুব বেশি থাকবে না। ছবিটি পরিচালনা করছেন পিএ রনজিৎ।
“এই ছবিতে রজনী স্যার অভিনয় করেছেন ‘কাবালিস্মরণ’ নামের এক চরিত্রে, ছবির নাম ‘কাবালি’ এখান থেকেই এসেছে। চেন্নাইয়ের এক মাফিয়া ডনের জীবনী নিয়েই এই ছবি’- ছবির নির্মাতা দলের একজন সদস্য আইএএনএসকে এই কথা বলেন। তিনি আরো জানান, সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে ছবির কাজ শুরু হতে যাচ্ছে। ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে।
ছবির প্রথম দিকের শুট হবে চেন্নাইয়ের মিলাপোরে, তারপরই গল্প চলে যাবে মালয়েশিয়ায়।
ছবিটিতে আরো অভিনয় করেছেন ধানসিকা, কালাইয়ারাসানের মতো দক্ষিণী ছবির তারকারা। ‘কাবালি’ হতে যাচ্ছে রজনীকান্তের ১৫৯তম ছবি।

সামি আল মেহেদী