‘মনের রাজা’য় জুটি বাঁধছেন জায়েদ-পিয়া
জায়েদ খান ও পিয়া বিপাশা জুটির নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হলো গতকাল শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় রাজধানীর শ্রুতি স্টুডিওতে। ছবিটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব। আগামী ১০ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
চিত্রনায়ক জায়েদ খান বলেন, ‘আগামী ২৮ আগস্ট থেকে আমার নিজ এলাকা পিরোজপুরে ‘মনের রাজা’ সিনেমার শুটিং শুরু করব। এখানে প্রথম পর্যায়ে ১০ দিনের শুটিং করা হবে। চরিত্রটি আমার খুবই পছন্দের। আমার দর্শকরা জানে আমি বেছে বেছে কাজ করি। আশা করি বরাবরের মতো এই ছবিও আপনাদের ভালো লাগবে।’
এ প্রসঙ্গে পরিচালক রকিবুল আলম রকিব বলেন, ‘একটি গানের রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হলো। এরপর আগামী ১০ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে পিরোজপুরে। আমি প্রথম থেকেই নতুনদের নিয়ে কাজ করতে পছন্দ করি। তার বড় উদাহরণ হচ্ছে ‘রিকশাওয়ালার প্রেম’ ছবিতে সুপারস্টার নায়ক মান্নার সঙ্গে নবাগত নিপুণকে নিয়ে কাজ করেছিলাম। আপনারা জানেন, সেই ছবি ব্যবসাসফল হয়েছিল। অভিনয় জানলে নতুন আর পুরাতন বলে কিছু নেই। এই ছবিতেও সেটার প্রমাণ থাকবে।’
সিনেমার গল্পে দেখা যাবে, জমিদার পরিবারের অহংকারী মেয়ে মন। তিনি লন্ডনে বড় হয়েছেন। সেখান থেকে গ্রামে ফিরে আসেন তিনি। অন্যদিকে রাজা গ্রামের প্রতিবাদী ছেলে। তিনি মনের অহংকারী মনোভাবকে সহ্য করতে পারেন না। এ নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।
সিনেমায় মন চরিত্রে অভিনয় করবেন পিয়া বিপাশা এবং রাজা চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। কণ্ঠশিল্পী কোনাল ও প্রতীক হাসান গান গাইছেন এই ছবিতে। এই দুই শিল্পীর প্লে-ব্যাক রেকর্ডিংয়ের মধ্য দিয়েই ‘মনের রাজা’ সিনেমার মহরত হয় গতকাল।
রকিবুল আলম রকিব এখন ব্যস্ত আছেন ‘মাস্তান পুলিশ’ সিনেমার শুটিং নিয়ে। এ ছাড়া তাঁর পরিচালিত ‘নগর মাস্তান’ ছবিটি মুক্তি অপেক্ষায় রয়েছে।

মাজহার বাবু