ছোট পর্দায় একসঙ্গে আফজাল, বিপাশা ও মাহফুজ
আফজাল হোসেন, বিপাশা হায়াত ও মাহফুজ আহমেদ জনপ্রিয় অভিনয়শিল্পী। তাঁরা তাঁদের দক্ষ অভিনয়শৈলীর মাধ্যমে অগণিত দর্শক-হৃদয়ে স্থান করে নিয়েছেন অনেক আগেই। মজার বিষয়, একসঙ্গে কখনোই কাজ করা হয়নি এই তিনজনের। এবারেই প্রথম ঈদ উপলক্ষে একই ফ্রেমে দেখা যাবে তাঁদের। ঈদের কোনো বিশেষ অনুষ্ঠানে নয়, আরিফ খান পরিচালিত ‘কবিতা সুন্দর’ নাটকে তাঁরা অভিনয় করেছেন।
নাটকের গল্পে দেখা যাবে, মাহফুজ আহমেদের স্ত্রী থাকেন বিপাশা হায়াত। তাঁদের অভাব-অনটনের সংসার। তাঁদের জীবনের গল্প একটু জটিল। একসময় এই অভাব অসহনীয় হয়ে ওঠে। নাটকের গল্প মোড় নিতে থাকে অন্যদিকে।
নাটকের গল্পে এর পর ধীরে ধীরে কষ্ট প্রবেশ করতে থাকে। অথচ নাটকের নাম ‘কবিতা সুন্দর’! এ প্রশ্নের উত্তরে পরিচালক আরিফ খান বললেন, ‘এখানে আমি কবিতা বলতে জীবনকে বুঝিয়েছি। কবিতার সৌন্দর্যের তুলনা হয় না। আমাদের জীবনে অনেক দুঃখ-কষ্ট থাকলেও আসলে জীবন অনেক সুন্দর।’
নাটকে মাহফুজ আহমেদের অফিসের বস চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। নাটকে তাঁর চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ বলে জানালেন পরিচালক।
তাঁদের একসঙ্গে চরিত্রায়ণ করার কারণ জিজ্ঞাসা করতেই পরিচালক বললেন, ‘ঈদ মানেই বিশেষ নাটক। সারা বছর চ্যানেলে দর্শক সজল, মোশাররফ করিম, তিশা, মম, অপূর্বকে দেখতে পান। তাই আমি প্রত্যেক ঈদে দর্শকের বিশেষ কিছু উপহার দিতে চাই। এবারও এর ব্যতিক্রম করিনি। আশা করি, এক ফ্রেমে প্রিয় তিন শিল্পীকে দেখে দর্শকের ভালো লাগবে।’

নাইস নূর