চিত্রপরিচালক শহীদুল ইসলাম খোকনের জীবন সংকটাপন্ন
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন। মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত শহীদুল ইসলামের জীবন রক্ষার চেষ্টা করছেন চিকিৎসকরা। শহীদুল ইসলামের স্ত্রী জয়া ইসলাম এনটিভি অনলাইনকে জানান, চিকিৎসকরা আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার আগে তাঁর বিষয়ে কিছুই বলবেন না। তবে অনেকেই খবর প্রকাশ করেছেন শহীদুল ইসলাম খোকন মারা গেছেন। তিনি মারা যাননি, আর এ বিষয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন স্ত্রী জয়া ইসলাম।
জয়া ইসলাম এনটিভি অনলাইনকে আরো বলেন, ‘আজ সকালে অবস্থার অবনতি হলে তাঁকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডাক্তারের সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে। কিন্তু ডাক্তার বলেছেন, ২৪ ঘণ্টার আগে আসলে কিছুই বলা যাবে না। দেশের মানুষের কাছে দোয়া চাইছি। আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে ওঠেন। আমরা একটা উৎকণ্ঠার মধ্যে আছি। আবার এটাও বুঝি হুট করে তো তিনি সুস্থ হবেন না।’
শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য শহীদুল ইসলাম খোকনকে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে নেওয়া হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। সেখানে গিয়ে বিশেষ লাভ হয়নি বলে জানান জয়া ইসলাম। তিনি বলেন, ‘ওখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এই বিরল রোগের এখনো কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। কথা বলার পাশাপাশি ক্রমান্বয়ে চলাফেরার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন কয়েক মাস আগে।’

মাজহার বাবু