ভোটের মৌসুমেই আসছে ডিভোর্সের গল্প!
করোনাকালে প্রেম, বাস্তবতা আর ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাজু আলীম। শুটিং শেষ, এখন চলছে সম্পাদনার কাজ।
অভিনয়ে রয়েছেন সাদিকা পারভিন পপি, রাজু আলীম, শিপন মিত্র, মাহবুব তূর্য, শিরিনা আক্তার শিলা, আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা, মায়াবিনী প্রমুখ।
গানে কণ্ঠ দিয়েছেন মেহরিন, অনিমা রায়, মাহমুদ মিলন, নুসরাত বৃষ্টি, আর্শিনা প্রিয়া, তামান্না প্রমি, কর্নিয়া, ম্যাক আপেলসহ আরও অনেকে। সঙ্গীত পরিচালনায় রয়েছেন আজম বাবু।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন রাজু আলীম। তাঁর বিপরীতে আছেন পপি। শুটিংয়ের একটি স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘তখন মনে হয়েছিল পপি প্রেমের সম্পর্কে রয়েছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ঘটনা ঘটছে। সেই ভাবনা থেকেই প্রথম ও শেষের দৃশ্য আগে ধারণ করি। শেষ দৃশ্যে ছিল ডিভোর্সের মুহূর্ত। কিন্তু সেই দৃশ্য শেষ করা যায়নি পপির বাস্তব জীবনের পরিবর্তনের কারণে। পরে তিনি বিয়ে করেন, মা হন এবং পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।’
তিনি আরও জানান, গল্পের প্রয়োজনে একাধিক নায়িকা উপস্থিত। সর্বশেষ হিসেবে হাজির হবেন আলিশা। সিনেমায় রয়েছে দুটি আইটেম গানও।
নিজের অভিজ্ঞতা নিয়ে রাজু আলীম বলেন, ‘পপির স্বামী চরিত্রে অভিনয় করাটাই আমার বড় প্রাপ্তি। নাটকে আগে কাজ করলেও সিনেমায় নায়ক চরিত্রে এটাই প্রথম।’
গল্পঘন প্রতিটি দৃশ্যে রয়েছে বার্তা, বললেন তিনি। ‘এটি না শিল্পধারার, না ব্যবসায়িক ধাঁচে—এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, বাকিটা দর্শক হলে গিয়ে বুঝবেন।’
সিনেমাটি তিনভাবে মুক্তির পরিকল্পনা রয়েছে। প্রথমে প্রেক্ষাগৃহে, এরপর ওটিটিতে এবং পরে বিশ্ব টিভি প্রিমিয়ার। লক্ষ্য, নির্বাচন আগে ১৩ ফেব্রুয়ারি মুক্তি দেয়া।

বিনোদন ডেস্ক