জেমস-আলী আজমতের কনসার্টে থাকছেন পুনম ও মধুবন্তীও
প্রথমবারের মতো ঢাকায় এক মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের রক কিং জেমস ও পাকিস্তানের সুফি-রক ঘরানার জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত। তাঁদের সঙ্গে গাইবেন নতুন প্রজন্মের দুই কণ্ঠশিল্পী—পুনম ও মধুবন্তী চক্রবর্তী। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত এই কনসার্টের আয়োজন করছে অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া।
আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
পুনম কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি মঞ্চে নিয়মিত পারফর্ম করছেন এবং নতুন গান নিয়েও কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর কণ্ঠে ‘তোমাকে ভেবে’, ‘এলোরে বৈশাখ’ ও ‘আমি তোর রাধা’ গানগুলো ইতিমধ্যে শ্রোতাদের প্রশংসা পেয়েছে। সম্প্রতি ‘নাদান’ নামের এক সিনেমায়ও গান গেয়েছেন তিনি, যেখানে তাঁর সঙ্গে ছিলেন মধুবন্তী চক্রবর্তী।
অন্যদিকে, মধুবন্তী বর্তমানে স্টেজ শো ও নতুন গানের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শান্তিনিকেতনে সংগীত নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা এই শিল্পীর কণ্ঠে ‘আমি তোরই হতে চাই’ গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তাঁর নতুন গানও।
জেমস ও আলী আজমতের সঙ্গে একই মঞ্চে গাওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে পুনম ও মধুবন্তী একসঙ্গে বলেন, ‘দুজন কিংবদন্তি শিল্পীর সঙ্গে একই মঞ্চে থাকার সুযোগ আমাদের জন্য ভীষণ আনন্দের। আমরা চেষ্টা করব শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো পারফর্ম করতে।’

বিনোদন ডেস্ক