শিশুদের কল্পনার জগৎ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’
অ্যালবাম প্রকাশের চল সেই আগের মতো নেই, শিশুদের জন্য আলাদা কিছু তৈরি করার চেষ্টাও হারিয়ে গেছে অনেকটা। এই সবকিছুর বিপরীতে নিয়মিত দাঁড়িয়ে যান স্থপতি, নির্মাতা ও গীতিকবি-সুরকার এনামুল করিম নির্ঝর। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তার উদ্যোগে প্রকাশ পাচ্ছে শিশুতোষ গানের অ্যালবাম ‘হাউ মাউ খাউ’। এনামুল করিম নির্ঝরের কথায় ও সুরে, অটমনাল মুনের সংগীতায়োজনে তৈরি হয়েছে মোট ৫টি শিশুতোষ গান। সিএসআর–আইএসআর যৌথ প্রক্রিয়ায় নির্মিত এই অ্যালবামে সিএসআর অংশীদার হিসেবে সহযোগিতা করেছে শেলটেক।
গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মৃন্ময়ী মেঘা, অরণি ক্যাথলিন মুরমু, সামাহ ফাতিহা সাইদ, প্রফুল্ল অংশুমন ও তানভীর আলম সজীব।
নির্ঝর জানান, শিশু-কিশোরদের অনুভূতি, কল্পনার বিস্তার, তাদের ছোট ছোট অভিযোগ-অনুযোগ, প্রকৃতিকে দেখা, বড়দের কাছ থেকে প্রত্যাশা—সব মিলিয়ে শিশুদের চোখের রঙিন পৃথিবী উঠে এসেছে অ্যালবামের প্রতিটি গানে।
শিশুদের পাশাপাশি গান করেছেন জ্যেষ্ঠ শিল্পী তানভীর আলম সজীবও। নিজের গায়কী ভেঙে নতুনভাবে গান করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,
‘নিজের ক্যারেক্টার থেকে বের হয়ে গানটা করা—এটাই ছিল বড় চ্যালেঞ্জ। নির্ঝর ভাই তো একটু অন্যরকম, নতুন কিছু হলেই ডাক পড়ে। একটা গান মানে পুরো কর্মযজ্ঞ। এখানেও তাই হয়েছে। আশা করি শ্রোতারা উপভোগ করবেন।’
আজ ২৭ নভেম্বর সন্ধ্যা সাতটায় গানশালার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে অ্যালবামের প্রথম গান ‘হাউ মাউ খাউ’। এরপর পর্যায়ক্রমে আসবে—হাট্টিমাটিম টিম, তিড়িং বিড়িং ফড়িংটাকে, ছোটদের গান নিয়ে, এবং এই তুই কি করছিস?
‘হাউ মাউ খাউ’ গেয়েছেন শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা। অ্যালবামের মাধ্যমে প্রথমবারের মতো রেকর্ডিং ও ভিডিও শুট—দুটি অভিজ্ঞতাই একসঙ্গে হলো তার।
মেঘা বললো,‘আগে মুন আঙ্কেলের স্টুডিওতে একটা গান গেয়েছি, অডিশনের মতো। কিন্তু এইবারের রেকর্ডিং আর ভিডিও—দুটোই একদম আলাদা অভিজ্ঞতা। এত আয়োজন হবে ভাবতেই পারিনি! ভয়ও লাগছিল, আবার খুব মজা লাগছিল। নিজের সেরাটা দিতে চেষ্টা করেছি।’
সংগীতশিল্পীদের নিয়মিত উপার্জনের সুযোগ তৈরির জন্য সিএসআর–আইএসআর প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে গানশালা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই নতুন শিশুতোষ অ্যালবামও যুক্ত হলো তাদের সংগীত প্রকল্পে।

বিনোদন ডেস্ক