বাবা হলেন মেগাস্টার রাম চরণ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি পরিবারের সদস্য উপাসনা কোনিদেলা ফের সুখবর শোনালেন অনুরাগীদের। তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে যমজ সন্তান একটি পুত্র ও একটি কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, মা ও দুই নবজাতকই বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। এই খবরে কোনিদেলা পরিবারে আনন্দের জোয়ার বইছে।
সুখবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “অসীম আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের জন্ম হয়েছে। মা ও দুই সন্তানই ভালো আছে। দাদা-দাদু হিসেবে এই মুহূর্ত আমাদের কাছে ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ।”
চিরঞ্জীবীর এই পোস্ট প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে রাজনীতি ও শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিরা নবজাতকদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন। রাম চরণের বোন সুশ্মিতা কোনিদেলাও পরিবারে নতুন সদস্য আসার খুশিতে আবেগঘন বার্তা শেয়ার করে জানান, ২০২৬ সাল তাঁদের পরিবারের জন্য সত্যিই এক আশীর্বাদপূর্ণ বছর।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম কন্যাসন্তান ক্লিন কারার জন্মের মাধ্যমে বাবা-মা হয়েছিলেন রাম চরণ ও উপাসনা। ২০২৫ সালের অক্টোবর মাসে দীপাবলির সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর নিজেই জানিয়েছিলেন উপাসনা। যমজ সন্তানের আগমনে এখন সেই আনন্দ দ্বিগুণ হয়েছে। বর্তমানে রাম চরণ তাঁর পেশাগত ব্যস্ততার মাঝেও নতুন সন্তানদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

বিনোদন ডেস্ক