দুই কিস্তির ওটিটি রাইটসের দাম বলেছিল ১৭০ কোটি, এখন ‘ধুরন্ধর ২’ একাই ১৫০ কোটি
নেটফ্লিক্সে মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন ইতিহাস গড়েছে রণবীর সিং অভিনীত গুপ্তচরধর্মী অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম সপ্তাহান্তেই সিনেমাটি পেয়েছে প্রায় ৭৬ লাখ ভিউ—হিন্দি সিনেমার ক্ষেত্রে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ গত ৩০ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পায়। তার আগে প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন ছিল দারুণ সফল। ডিজিটালে আসার পর আগের সব জনপ্রিয় সিনেমার রেকর্ড ভেঙে দেয় এটি। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহান্তেই ৭০ লাখের বেশি ভিউ ছোঁয়ার ঘটনা ভারতীয় সিনেমার ডিজিটাল মুক্তিতে নজিরবিহীন।
বিদেশেও দাপট কম নয়। সাতটি দেশে বিদেশি ভাষার সিনেমার সাপ্তাহিক তালিকায় শীর্ষে উঠে এসেছে ‘ধুরন্ধর’। এখন পর্যন্ত মোট দেখা হয়েছে ২৬ দশমিক ১ মিলিয়ন ঘণ্টা। এমনকি পাকিস্তানে প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও সেখানে ডিজিটালে শীর্ষ ট্রেন্ডে রয়েছে সিনেমাটি।
এদিকে সিকুয়েল ‘ধুরন্ধর ২’ নিয়েও বড় চমক এসেছে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় কিস্তির ওটিটি পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৫০ কোটি রুপিতে। একটি সূত্রের ভাষ্য, প্রথম কিস্তি মুক্তির আগেই নেটফ্লিক্স দুই পর্বের স্বত্ব একসঙ্গে ১৭৫ কোটি রুপিতে কিনতে চেয়েছিল। তবে কনটেন্টে আস্থার কারণে জিও স্টুডিওস অপেক্ষা করে এবং শুধু দ্বিতীয় কিস্তির জন্যই এই বিশাল চুক্তি নিশ্চিত করে—যা প্রথম কিস্তির স্বত্বমূল্যের প্রায় দ্বিগুণ।
‘ধুরন্ধর’-এ রণবীর সিং অভিনয় করেছেন একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে। পাকিস্তানের লিয়ারি এলাকায় অপরাধী চক্রে ঢুকে ভারতের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ঠেকানোই তার মিশন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন। সহশিল্পীদের মধ্যে রয়েছেন সারা অর্জুন ও রাকেশ বেদি।
প্রেক্ষাগৃহে মুক্তির সময় ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে প্রায় ১ হাজার ৩০০ কোটি রুপি আয় করে। ভারতের বাজারে এটি প্রথম হিন্দি সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়ে। ইতিমধ্যেই সিকুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নির্মাণের ঘোষণা এসেছে। সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

বিনোদন ডেস্ক