দর্শক চাহিদা থাকার পরও শো বাড়ানো হচ্ছে না, দাবি ‘রাক্ষস’ টিমের
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকলেও প্রদর্শনীর সংখ্যা সীমিত হওয়ায় অনেকে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন বলে দাবি করছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন।
‘রাক্ষস’ শুধুমাত্র সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, বারবার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও প্রদর্শনী বাড়ানোর কোনো সাড়া পাওয়া যায়নি। আর স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, প্রদর্শনীর সংখ্যা বৃদ্ধি তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।
‘রাক্ষস’ মুক্তির প্রথম দিন মাত্র ১৪টি প্রদর্শনী দিয়েও দর্শক ভিড় এতটাই বেশি ছিল যে, ঈদের মধ্যে তা ২০টিরও বেশি করা হয়। কিন্তু রাজধানীর বসুন্ধরা ও মিরপুর শাখা সহ অন্যান্য হলে দর্শকরা প্রতিদিনই টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরছেন।
নারায়ণগঞ্জ থেকে আসা এক দর্শক জানান, ‘বনলতা এক্সপ্রেস’ দেখার পর ‘রাক্ষস’-এর প্রশংসা শুনে সিনেমাটি দেখতে এলেও টিকিট না পেয়ে ফিরতে হয়েছে। ফার্মগেট-রাজাবাজার এলাকা থেকে আসা মোহাইমিনও অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে যান, সেখানে সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত না দেখেই ফিরে আসতে হয়েছে।
মেহেদী হাসান পরিচালিত ‘রাক্ষস’ তাঁর দ্বিতীয় সিনেমা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। কলকাতার সুস্মিতা চ্যাটার্জি নায়িকা হিসেবে উপস্থিত। এছাড়া আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমার একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

বিনোদন ডেস্ক