প্লেনে উঠলেই মৃত্যু আতঙ্কে ভোগেন আমির খান, প্রতিবার বন্ধুকে লিখে যান চিঠি
বলিউডের তারকা আমির খান পর্দায় যতটা আত্মবিশ্বাসী, বাস্তব জীবনে ঠিক ততটা নন—বিশেষ করে বিমানযাত্রার ক্ষেত্রে। প্লেনে উঠলেই তাকে ঘিরে ধরে অদ্ভুত এক ভয়, কখনো কখনো যা রূপ নেয় মৃত্যু আতঙ্কে।
এই ভয় সামলাতেই তিনি গড়ে তুলেছেন এক ভিন্ন অভ্যাস। প্রতিবার উড়োজাহাজে ওঠার আগে নিজের মনের কথা লিখে রাখেন একটি চিঠিতে। সেই চিঠি যায় তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু মুনসুর খানের কাছে।
মনসুর শুধু বন্ধু নন, আমিরের আস্থার জায়গা। কাজের ব্যস্ত সময়—বিশেষ করে কোনো ছবির শুটিং শেষ বা পোস্ট প্রোডাকশনের পর্যায়ে থাকলে এই ভয় আরও তীব্র হয়। তার আশঙ্কা, হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে অসমাপ্ত থেকে যেতে পারে পুরো কাজ।
সেই চিন্তা থেকেই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন তিনি। মনসুরকে লেখা চিঠিতে উল্লেখ থাকে—কোনো অঘটন ঘটলে যেন তিনি বাকি কাজের দায়িত্ব নেন। এমনকি নিজের পরিবারকেও এই বিষয়টি জানিয়ে রেখেছেন আমির।
সব মিলিয়ে, ভয়কে নিয়ন্ত্রণে রাখা আর নিজের কাজের প্রতি দায়বদ্ধতা—দুটোর মাঝেই দাঁড়িয়ে আছে এই ব্যতিক্রমী অভ্যাস।

বিনোদন ডেস্ক