জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
জন্মদিনের কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা রুকাইয়া জাহান চমক। ৩০ বছরে পা দেওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে তিনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ৩০০টি গাছ রোপণ করেছেন।
৮ জুলাই নিজের জন্মদিনে নেওয়া এই উদ্যোগ সম্পর্কে চমক জানান, ৩০ বছরে পদার্পণ উপলক্ষে ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। তাঁর বিশ্বাস, মানুষ যত প্রকৃতির কাছাকাছি থাকবে, জীবন তত বেশি সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে।
চমক বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষাবলয়। নানা দুর্যোগ থেকে দেশকে রক্ষা করার পাশাপাশি অসংখ্য বন্যপ্রাণীর আবাসস্থলও এটি। তাই সুন্দরবন ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
জঙ্গল আর বৃষ্টিস্নাত প্রকৃতির পরিবেশে গাছ লাগানোর মধ্য দিয়েই চমকের এবারের জন্মদিনের আয়োজন শুরু হয়। নিজের এই উদ্যোগের মাধ্যমে ভক্তদেরও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

বিনোদন ডেস্ক