‘কী করে ভুলে যাই?’ শাফিন আহমেদকে স্মরণে প্রিন্স মাহমুদের আবেগঘন স্ট্যাটাস
প্রখ্যাত ব্যান্ড তারকা ও সুরকার শাফিন আহমেদের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও আবেগ প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শাফিন আহমেদের চলে যাওয়াকে 'নীল মৃত্যু' ও সব ক্লান্তি থেকে চিরতরে মুক্তি পাওয়ার সঙ্গে তুলনা করেছেন তিনি।
শাফিন আহমেদের প্রয়াণবার্ষিকীতে প্রিন্স মাহমুদের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এই শোকাবহ বার্তাটি সামনে এসেছে।
প্রিন্স মাহমুদ তাঁর স্ট্যাটাসে শাফিন আহমেদের জনপ্রিয় গান ‘নাই নাই নাই, নাই তুমি নাই, কী করে সব ভুলে যাই’-এর পঙ্ক্তিমালা উদ্ধৃত করে লেখেন ‘এই গান যে একবার শুনেছে কী করে ভুলবে সে? এই আবেগ এই নস্টালজিয়া! অসংখ্য গানের স্মৃতি আমাদের, কী করে ভুলে যাই?’
শাফিন আহমেদের আকস্মিক প্রয়াণকে উদ্দেশ করে তিনি আরও লেখেন ‘প্রিয় শাফিন ভাই, এ কেমন চলে যাওয়া ছিল? এমন যাওয়া ই চেয়েছিলে বুঝি? এই যাওয়াকেই কী 'নীল' রঙে দেখি? এই মৃত্যুই কী 'নীল মৃত্যু'? জীবনের সব ক্লান্তি, ক্ষয় থেকে চিরতরে মুক্তি পাওয়া! বিষাদময় হলেও একেই কী নির্মল বলতে হবে? নির্মলেই পৌঁছেছ খুব সহজে, তাহলে।’
পরিশেষে এই শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে প্রিন্স মাহমুদ লেখেন, ‘চলে যাওয়ার এই দিনে আত্মার শান্তি কামনা করছি, ভালো থাকবে ভাই...’
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। গান পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে দেশে এনে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দীর্ঘ সংগীতজীবনে ‘নীলা’, ‘আজ জন্মদিন তোমার’, ‘পিয়াসী মন’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

বিনোদন ডেস্ক