২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি : হাসান মাসুদ
অভিনয় থেকে পুরোপুরি সরে গেছেন—সম্প্রতি অভিনেতা হাসান মাসুদের এমন একটি বক্তব্য ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। এমনকি অনেকে মনে করেছিলেন, ধর্মীয় কাজে মনোযোগী হয়ে অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি। তবে এবার বিষয়টি পরিষ্কার করে অভিনেতা জানালেন, অভিনয় ছাড়ার কোনো সিদ্ধান্ত তিনি নেননি।
সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাসান মাসুদ জানিয়েছিলেন, আপাতত অভিনয় করছেন না। হজ করে আসার পর ধর্মীয় কাজে মনোযোগী হয়েছেন বলেও জানান তিনি। তার ওই বক্তব্যের পরই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।
তবে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসান মাসুদ বলেন, তার বক্তব্য ভুলভাবে বোঝা হয়েছে। তিনি বলেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখনো বলিনি যে, আর অভিনয় করব না।’
ভালো গল্প ও চরিত্র পেলে এখনো অভিনয় করতে আগ্রহী বলেও জানান এই অভিনেতা। তার মতে, অভিনয়ের সঙ্গে ধর্মচর্চার কোনো বিরোধ নেই।
হাসান মাসুদ বলেন, ‘আপনি ধর্ম পালন করতে পারেন, আবার শুটিং সেটেও নামাজ পড়তে পারেন। গত চার-পাঁচ বছরে যাদের সঙ্গে কাজ করেছি, তারা সবাই জানেন যে আমি ২০০০ সাল থেকে নিয়মিত নামাজ পড়ি। শুটিংয়ের সময় সবাই আমাকে নামাজ পড়ার জন্য বিরতি দিতেন। আমি চেষ্টা করতাম ওই সময়ে যেন আমার কোনো দৃশ্যের শুটিং না থাকে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে পরিচালকরাই বলতেন, “বিরতির সময় হয়েছে হাসান ভাই। যান, নামাজ পড়ে আসেন।” এভাবেই চলত।’
হজ করে দেশে ফেরার পর এরই মধ্যে দুটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ। পছন্দসই গল্প ও কাজ পেলে ভবিষ্যতেও অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি।
সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন হাসান মাসুদ। পরে অবসর নিয়ে সাংবাদিকতায় যুক্ত হন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর নাটকেও নিয়মিত অভিনয় করেছেন তিনি।
‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান হাসান মাসুদ। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন তিনি। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।

বিনোদন ডেস্ক