১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা
ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে শেষ হয়েছে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর ফাইনাল। ১১১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস।
৫ সেপ্টেম্বর নিয়া ট্রাংয়ে বসেছিল প্রতিযোগিতার চূড়ান্ত আসর। ফাইনালে প্রথমে সেরা ৪০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। এরপর সেরা ২০, সেরা ১২ এবং শেষ পর্যন্ত সেরা ছয়ে জায়গা করে নেন প্রতিযোগীরা। প্রশ্নোত্তর পর্ব শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম।
জোহেইরি মোলা এর আগে ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক ২০২৫’ খেতাব জিতেছিলেন। সেই সূত্রেই মিস ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আসরে অংশ নেন তিনি।
পেশায় জোহেইরি একজন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য কাজ করেন তিনি। ‘ভয়েসেস অব টুমোরো’ নামে তাঁর একটি উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে শিশুদের ইংরেজি শেখানোর পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে কাজ করেন তিনি।
এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
চূড়ান্ত ছয়ে তাঁদের সঙ্গে ছিলেন ইরিত্রিয়ার স্নিট হাবতিয়াব তেওলদেমেহিন, ভিয়েতনামের লে নুয়েন বাও নক এবং দক্ষিণ আফ্রিকার রোমান্ডা হোমবির।
এবারের মিস ওয়ার্ল্ড আয়োজনটি ছিল বিশেষ। কারণ, প্রতিযোগিতার ৭৫ বছরের ইতিহাস উদ্যাপন করা হয়েছে এ আয়োজনে। ১৯৫১ সালে শুরু হওয়া মিস ওয়ার্ল্ডের এবারের আসর অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো ভিয়েতনামে।
বাংলাদেশ থেকেও এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সামানজার সাঈদ। ‘বিউটি উইথ আ পারপাস’ পর্বে নিজ মহাদেশের সেরা ছয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে ফাইনালের সেরা ৪০-এ জায়গা পাননি বাংলাদেশের এই প্রতিযোগী।
জোহেইরি মোলার জয়ে দীর্ঘ ৪৪ বছর পর আবারও মিস ওয়ার্ল্ডের মুকুট পেল ডমিনিকান রিপাবলিক।

বিনোদন ডেস্ক