এমি অ্যাওয়ার্ডসে বাজিমাত করল ‘উইডোজ বে’, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস
২০২৬ সালের টেলিভিশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমির ৭৮তম আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ‘উইডোজ বে’। ১৯টি মনোনয়নের বিপরীতে ১৪টি পুরস্কার জিতে এবারের আসরের সবচেয়ে সফল সিরিজের তকমা পেয়েছে অ্যাপল টিভির এই হরর-কমেডি। অন্যদিকে সাতটি করে পুরস্কার ঘরে তুলেছে এইচবিওর ‘দ্য পিট’ ও ‘ডিটিএফ সেন্ট লুইস’।
ভ্যারাইটি থেকে জানা যায়, ২০২৬ সালের ৭৮তম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে দাপট দেখিয়েছে একাধিক জনপ্রিয় সিরিজ। প্রাইমটাইম অনুষ্ঠান এবং এর আগের সপ্তাহে অনুষ্ঠিত ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডস মিলিয়ে সবচেয়ে বেশি পুরস্কার ঘরে তুলেছে অ্যাপল টিভির ‘উইডোজ বে’। সেরা কমেডি সিরিজের পুরস্কারের পাশাপাশি সিরিজটির হয়ে অভিনয়েও এসেছে বড় সাফল্য।
‘উইডোজ বে’-এর জন্য কমেডি সিরিজের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ম্যাথিউ রিস। একই রাতে সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি। ফলে একই আসরে দুটি আলাদা বিভাগে অভিনয়ের পুরস্কার জিতে বিশেষ কৃতিত্বের অধিকারী হয়েছেন এই অভিনেতা।
সিরিজটির পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন এবং পার্শ্ব অভিনেতা বিভাগে জয় এসেছে স্টিফেন রুটের। নির্মাতা কেটি ডিপোল্ড পেয়েছেন সেরা কমেডি চিত্রনাট্যের পুরস্কার। কমেডি সিরিজের সেরা পরিচালকের পুরস্কারও গেছে ‘উইডোজ বে’-এর ঘরে, জয়ী হয়েছেন হিরো মুরাই।
সাত পুরস্কারে ‘দ্য পিট’
এবারের এমিতে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া সিরিজ ছিল এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’। মোট ২৫টি মনোনয়নের বিপরীতে সিরিজটি জিতেছে সাতটি পুরস্কার। সেরা ড্রামা সিরিজের পুরস্কার টানা দ্বিতীয়বারের মতো পেয়েছে ‘দ্য পিট’। একই ধারাবাহিকতায় সিরিজটির প্রধান অভিনেতা নোয়া ওয়াইলও টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন ড্রামা সিরিজের সেরা অভিনেতার পুরস্কার।
‘প্লুরিবাস’র ছয় পুরস্কার
অ্যাপল টিভির নতুন ড্রামা সিরিজ ‘প্লুরিবাস’ও এবারের এমিতে কম সাড়া ফেলেনি। মোট ছয়টি পুরস্কার জিতেছে সিরিজটি।
এর মধ্যে অন্যতম বড় সাফল্য এসেছে অভিনয় বিভাগে। ড্রামা সিরিজের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রিয়া সিহর্ন। চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন সিরিজটির নির্মাতা ভিন্স গিলিগান।
গিলিগানের আগের জনপ্রিয় সিরিজ ‘বেটার কল সল’-এ দীর্ঘ সময় অভিনয় করেও এমি জিততে পারেননি রিয়া সিহর্ন। এবার ‘প্লুরিবাস’-এর জন্য সেই অপেক্ষার অবসান হয়েছে তাঁর।
সেরা সীমিত বা অ্যান্থোলজি সিরিজ এগিয়ে ‘ডিটিএফ সেন্ট লুইস’
অ্যান্থোলজি সিরিজের বিভাগেও ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত সাতটি পুরস্কার জিতে সবার ওপরে উঠে এসেছে ‘ডিটিএফ সেন্ট লুইস’।
সিরিজটির হয়ে পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার এবং পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিন্ডা কার্ডেলিনি। নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্য—দুই বিভাগেই পুরস্কার পেয়েছেন।
উল্লেখযোগ্য বিজয়ীরা
সেরা ড্রামা সিরিজ: ‘দ্য পিট’
সেরা কমেডি সিরিজ: ‘উইডোজ বে’
সেরা সীমিত বা অ্যান্থোলজি সিরিজ: ‘ডিটিএফ সেন্ট লুইস’
সেরা রিয়েলিটি কম্পিটিশন প্রোগ্রাম: ‘দ্য ট্রেইটর্স’
সেরা ভ্যারাইটি সিরিজ: ‘দ্য লেট শো উইথ স্টিফেন কলবার্ট’
সেরা ড্রামা অভিনেতা: নোয়া ওয়াইল, ‘দ্য পিট’
সেরা ড্রামা অভিনেত্রী: রিয়া সিহর্ন, ‘প্লুরিবাস’
সেরা কমেডি অভিনেতা: ম্যাথিউ রিস, ‘উইডোজ বে’
সেরা কমেডি অভিনেত্রী: জিন স্মার্ট, ‘হ্যাকস’
সীমিত সিরিজের সেরা অভিনেত্রী: স্যালি ফিল্ড, ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’
সীমিত সিরিজের সেরা অভিনেতা: ম্যাথিউ রিস, ‘দ্য বিস্ট ইন মি’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: স্টিফেন রুট, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেতা: টম পেলফ্রি, ‘টাস্ক’
কমেডি সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: কেট ও’ফ্লিন, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানি, ‘দ্য ডিপ্লোম্যাট’
কমেডি সিরিজের সেরা পরিচালক: হিরো মুরাই, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা পরিচালক: সাউল মেটজস্টেইন, ‘স্লো হর্সেস’
কমেডি সিরিজের সেরা চিত্রনাট্য: কেটি ডিপোল্ড, ‘উইডোজ বে’
ড্রামা সিরিজের সেরা চিত্রনাট্য: ভিন্স গিলিগান, ‘প্লুরিবাস
এবারের এমি অ্যাওয়ার্ডসের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘ল অ্যান্ড অর্ডার: এসভিইউ’ তারকা মারিস্কা হারগিটে। হাস্যরস, সংগীত পরিবেশনা ও দ্রুত পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন তিনি।
অনুষ্ঠানের একটি বিশেষ ‘এসভিইউ’ ঘরানার স্কিটে টেলর সুইফটকেও হাজির করতে সক্ষম হন মারিস্কা। ফলে পুরস্কার বিতরণের পাশাপাশি তারকাদের উপস্থিতি ও নানা চমকেও জমজমাট ছিল এবারের আয়োজন।
সব মিলিয়ে এবারের এমি অ্যাওয়ার্ডসে নতুন ও পুরোনো—দুই ধরনের সিরিজই পেয়েছে সাফল্যের স্বাদ। তবে পুরস্কারের সংখ্যায় সবাইকে পেছনে ফেলে রাতের সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠেছে ‘উইডোজ বে’।

বিনোদন ডেস্ক