হার্নিয়া কী, কেন হয়?
হার্নিয়া একটি প্রচলিত সমস্যা। অনেকেই এ সমস্যায় ভোগেন। হার্নিয়ায় পেটের দুর্বল অংশ দিয়ে ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ অণ্ডথলিতে এসে পড়ে। তখন অণ্ডথলি ফুলে যায়, ব্যথা করে।
হার্নিয়া কী এবং এটি কেন হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩২৯১তম পর্বে কথা বলেছেন ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ।
ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্নিয়া বলতে কী বোঝানো হয়?
উত্তর : আমাদের পেট যেটি, এটি ক্লোজ ক্যাভেটি। এই ক্লোজ ক্যাভেটি থেকে পেটের দেয়াল যেটি রয়েছে, দুর্বল অংশ দিয়ে যদি চর্বি বের হয়ে যায়, সাধারণত একে আমরা হার্নিয়া বলি।
প্রশ্ন : হার্নিয়ার কেন হয়, কখন হয়?
উত্তর : কেন হয়, কখন হয়? এটি কয়েকটি ভাগে ব্যাখ্যা করা যায়। একটি হলো জন্মগত ত্রুটির জন্য হতে পারে। আরেকটি হলো জন্মের পরে বিভিন্ন কারণে হতে পারে। কোনো কারণে যদি একটি অস্ত্রোপচার হয়, সেখানে একটি দুর্বল অংশ তৈরি হয়।
অথবা দেখা গেল, একজন রোগী খুব স্থূল অথবা দেখা গেল সে গর্ভবতী হয়েছিল অথবা দেখা গেল তার দীর্ঘ মেয়াদে কফ অথবা তার কোষ্ঠকাঠিন্য অথবা প্রস্রাব করতে গেলে তাকে বেগ দিয়ে প্রস্রাব করতে হয়। দীর্ঘ মেয়াদে যদি সে এই কাজটা করে, তাহলে তার দুর্বল পয়েন্ট যেটি রয়েছে, সেটি দিয়ে তার পেটের ভেতরের খাদ্যনালি অথবা ওমেন্টামের পাশে যে চর্বি থাকে, দুটোই বের হয়ে যেতে পারে। একেই আমরা হার্নিয়া হিসেবে বলি। এবং এগুলোকেই আমরা কারণ হিসেবে বলি।

ফিচার ডেস্ক