জিভে জল আনা ক্রিমি চিকেন
চিকেন খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চিকেন দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানা পদের চিকেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ক্রিমি চিকেন রান্না করবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে ক্রিমি চিকেনের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ক্রিমি চিকেন রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. ১/৪ কাপ তেল
২. চার-পাঁচটি এলাচ
৩. দুটি দারুচিনি
৪. দুটি তেজপাতা
৫. এক চা চামচ আদাকুচি
৬. এক চা চামচ রসুনকুচি
৭. ১/৪ কাপ পেঁয়াজ বাটা
৮. এক টেবিল চামচ আদা বাটা
৯. দুই চা চামচ রসুন বাটা
১০. এক চা চামচ মরিচের গুঁড়ো
১১. দুই চা চামচ ধনিয়া গুঁড়ো
১২. আধা চা চামচ হলুদের গুঁড়ো
১৩. পরিমাণমতো পানি
১৪. এক কাপ টমেটো পিউরি
১৫. এক কেজি মুরগির মাংস
১৬. এক কাপ দুধ
১৭. ১/৪ কাপ পেঁয়াজ বেরেস্তা
১৮. এক টেবিল কাজুবাদাম বাটা
১৯. এক চা চামচ গরম মসলার গুঁড়ো
২০. সামান্য লবণ
২১. আধা কাপ ফ্রেশ ক্রিম
২২. এক চা চামচ চিনি
প্রস্তুত প্রণালি
প্রথমে সসপ্যানে তেল, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ভাজুন। এর পর এর মধ্যে আদাকুচি, রসুনকুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও পানি দিয়ে কষিয়ে নিন। তার পর এর মধ্যে টমেটো পিউরি ও মুরগির মাংস দিয়ে ২০ মিনিট ঢেকে রান্না করুন। তার পর একটি বাটিতে দুধ, পেঁয়াজ বেরেস্তা, কাজুবাদাম বাটা ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
এর পর সসপ্যানে মাংসের মধ্যে মেশানো মসলা, লবণ ও ফ্রেশ ক্রিম দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার ক্রিমি চিকেন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক