মুখরোচক চিকেন টোস্ট
প্রায় সবার ঘরে মুরগির মাংস থাকে। বিকেলে বা সন্ধ্যায় একটু ভিন্ন স্বাদের, মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে। সেসব ভোজনরসিক মানুষের জন্য আমাদের আজকের রেসিপি চিকেন টোস্ট। আপনার হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এ রেসিপি তৈরি করতে পারবেন।
এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান আজকের রেসিপির একটি পর্বে চিকেন টোস্টের রেসিপি দেওয়া হয়েছে। আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিকেন টোস্ট তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—
উপকরণ
১. এক টেবিল চামচ তেল
২. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি
৩. এক চা চামচ লবণ
৪. আধা টেবিল চামচ আদা বাটা
৫. আধা টেবিল চামচ রসুন বাটা
৬. এক কাপ মুরগির কিমা
৭. পরিমাণমতো পানি
৮. এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার
৯. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো
১০. একটি ডিম
১১. চার টুকরো পাউরুটি
প্রস্তুত প্রণালি
প্রথমে ফ্রাইপ্যানে তেল, পেঁয়াজকুচি, লবণ, আদা বাটা, রসুন বাটা, মুরগির কিমা ও পানি দিয়ে নাড়ুন। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে নিন।
বাটিতে ডিম ফেটে নিন। এর পর পাউরুটির উপর মুরগির কিমা ভাজা দিয়ে আরেকটি পাউরুটি উপরে দিয়ে ডিমে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন টোস্ট। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

ফিচার ডেস্ক