ভিন্ন স্বাদে আম চিংড়ি
এই ডিশটি বেশ সুস্বাদু। আম ব্যবহারের কারণে দৃষ্টি নন্দনও বটে। এই পদটি বানাতে একেবারেই বেশি সময় লাগবে না। তাই আর সময় নষ্ট না করে এক্ষুনি দেখে নিন আম চিংড়ি তৈরির নিয়ম।
উপকরণ
১. চিংড়ি মাছ ৩০০ গ্রাম
২. সরষে বীজ দুই চামচ
৩. আমের রস তিন চামচ
৪. কাঁচামরিচ চারটি
৫. সরিষার তেল এক চামচ
৬. মরিচ গুঁড়া হাফ চামচ
৭. হলুদ গুঁড়া এক চামচ
৮. লবণ স্বাদমতো
৯. চিনি এক চামচ
১০. নারকেলের দুধ এক কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নিন। এবার মিক্সিতে সরিষা, কাঁচামরিচ, নারকেল এবং অল্প করে পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। কড়াইয়ে পরিমাণমতো সরিষার তেল নিয়ে গরম করুন। তেলটা গরম হয়ে গেলে তাতে কাঁচামরিচ দিয়ে ভেজে নিন। তারপর তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিন। আঁচটা কমিয়ে কিছুক্ষণ মাছটা ভাজুন। যখন দেখবেন মাছটা খয়েরি রং হয়ে গেছে, তখন তাতে একে একে আমের রস এবং লবণ মেশান। এবার ভালো করে নাড়াতে থাকুন। আমের গন্ধটা যখন হালকা হয়ে যাবে, তখন তাতে সরিষা, হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া মেশান। ভালো করে সবকটি উপকরণ নাড়তে থাকুন। এই সময় আঁচটা হালকা করে দিন। কিছুক্ষণ পর নারকেল দুধ, লবণ এবং চিনি মিশিয়ে পুনরায় নাড়তে থাকুন। নাড়ানো হয়ে গেলে কড়াইটা চাপা দিয়ে রাখুন। কিছু সময় পরে আঁচটা বন্ধ করে দিন। আপনার আম চাংড়ি তৈরি। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রুখসানা পারভীন