ঈদের রূপচর্চা
চুলকে ঝলমলে রাখতে হেয়ার মাস্ক
ঈদ তো প্রায় চলেই এলো। তাই সুন্দর পোশাকের পাশাপাশি ত্বক, চুল ও শরীরের যত্ন নেওয়া প্রয়োজন। কিন্তু সবসময় আগের দিন পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয়ে উঠে না। একদিকে বাসার নানা কাজ আর অন্যদিকে পার্লারের উপচে পড়া ভিড় এই অপারগতার কারণ। কিন্তু এত কষ্ট না করে বাসায়ই অল্প সময়ে করে নিতে পারেন আপনার ঘরোয়া হেয়ার ট্রিটমেন্টটি। ঈদের দিন আপনাকে সবার মাঝে আকর্ষণীয় করে তুলতে ঝলমলে চুল এক নতুন মাত্রা যোগ করবে। এই ঈদে কীভাবে চুলকে ঝলমলে সুন্দর করবেন- এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে সৌদি বিউটি ব্লগের রূপচর্চা বিভাগে।
ঝলমলে চুলের জন্য হেয়ার মাস্ক
যা যা লাগবে
চার টেবিল চামচ অলিভ অয়েল ও দুই টেবিল চামচ মধু।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে অলিভ অয়েল একটি পাত্রে নিয়ে ২০ সেকেন্ড হালকা গরম করুন। তারপর এতে মধু মেশান। শুকনো চুলে মিশ্রণটি লাগিয়ে শাওয়ার কেপ বা তোয়ালে দিয়ে চুল মুড়িয়ে রাখুন। ২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন। পরে চুলে হালকা শ্যাম্পু করে নিন।

সিফাত জাহান সিফা