চিবুকের ব্ল্যাকহেডস দূর করবেন কীভাবে?
মুখের ত্বক বেশি স্পর্শকাতর হওয়ায় এটি প্রচুর পরিমাণে ব্রণ, মেছতা, দাগ, কালচে আস্তর, ব্ল্যাকহেডস ইত্যাদি দ্বারা আক্রান্ত হয়। চিবুক বা থুঁতনিতেও এই একই ধরনের সমস্যাগুলো হতে পারে, যা আপনি মেকআপ দিয়েও আড়ালে রাখতে পারবেন না। তাই কীভাবে প্রাকৃতিক উপায়ে চিবুকের ব্ল্যাকহেডস দূর করতে পারবেন, এ সম্পর্কে পরামর্শ দেওয়া হয়েছে অনলাইন বিউটি সাইট স্টাইল ক্রেজ ডটকমে। চলুন, একনজরে দেখে নেওয়া যাক :
ব্ল্যাকহেডস দূর করার টিপস :
১. প্রতিদিন নিয়মিত ত্বক পরিষ্কার রাখলে অনেক সমস্যা থেকে দূরে থাকা যায়। এতে কোষে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে ও ব্ল্যাকহেডস সমস্যা থেকে মুক্তি পাবেন।
২. ঘরে ফিরে মুখের ত্বকে গরম পানি বা স্টিম মেশিন দিয়ে ১০ মিনিটের মতো গরম ভাব দিন। আর যেকোনো ধরনের সংক্রমণ পরিহার করতে পানিতে দিয়ে নিতে পারেন কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল। এই অয়েল সর্দি-কাশির জন্যও বিশেষ উপকারী।
৩. ব্ল্যাকহেডস দূর করতে ত্বকে যেকোনো ধরনের কিংবা অতিরিক্ত পরিমাণ স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। এতে ত্বকে দাগ পড়ে যেতে পারে।
৪. নিয়মিত লবণ দিয়ে হালকাভাবে স্ক্রাব করে নিতে পারেন। কিন্তু ব্ল্যাকহেডস যদি অতিরিক্ত বেড়ে যায়, তবে ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ ও ক্রিম ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারেন।
৫. সব সময় ভিটামিন-সি জাতীয় খাবার (দৈনিক কমপক্ষে এক গ্রাম) খেতে চেষ্টা করুন। এতে ত্বক অনেক উজ্জ্বল ও সুস্থ থাকবে।
৬. চিবুকে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে কমলার খোসার পেস্ট লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। তার পর হালকা উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে, যা ত্বকের ওপর ময়লা আটকে রাখে।
৭. সরাসরি অ্যালোভেরার রস ব্যবহার করে ব্ল্যাকহেডস দূর করা যায়। অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। এই ক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করা ভালো।

সিফাত জাহান সিফা