মেকআপে উল্টোপাল্টা হলে ঠিক করবেন কীভাবে?
যত সাবধানে আপনি প্রতিবার আই-লাইনার লাগান না কেন কিংবা প্যানকেক ব্যবহার করুন, মেকআপ সব সময় আপনার মনমতো হয় না। অনুষ্ঠানে যাওয়ার আগে এমন হলে তো মেজাজটাই খারাপ হয়ে যায়। তবে মেকআপ ঠিক করারও কিছু উপায় আছে। আজকের আয়োজনে থাকছে মেকআপের কিছু সাধারণ সমস্যা ও তার সমাধান। এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে টাইমস অব ইন্ডিয়ার রূপচর্চা বিভাগে। একনজর দেখে নিন :
১. মুখে পাউডার বেশি হয়ে গেছে?
মেকআপের সময় যদি পাউডার বা ফাউন্ডেশন বেশি হয়ে যায়, তবে মুখে পানি স্প্রে করুন। চোখের চারপাশে হাত ঘুরিয়ে বাড়তি পানি মিশিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, যাতে চোখের মেকআপ ছড়িয়ে না যায়। হালকা ভিজে গেলে টিস্যু দিয়ে অতিরিক্ত পাউডার তুলে নিন।
২. ঠোঁটের গাঢ় লিপস্টিক ওঠাতে পারছেন না?
হয়তো বেশ শখের বশে গাঢ় লিপস্টিক দিয়েছিলেন। কিন্তু এখন আর ভালো লাগছে না। কী করবেন ভাবছেন? একটি কটন বল নিয়ে তা মেকআপ রিমুভার বা নারকেল তেলে ভিজিয়ে নিন। তার পর ধীরে ধীরে ঠোঁটে ঘষতে থাকুন। আপনি যদি বাসার বাইরে থেকে থাকেন, তবে গাঢ় লিপস্টিকটির ওপরে হালকা রঙের একটি লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিন।
৩. আইব্রো বেশি এঁকে ফেলেছেন?
আইব্রো আঁকার সময় লাইন ঠিক করতে গিয়ে বেশি আঁকা হয়ে যায়। তখন কটন বলে মেকআপ রিমুভার লাগিয়ে কিংবা উষ্ণ পানি দিয়ে অতিরিক্ত অংশ আস্তে আস্তে তুলে নিন। এ কাজে কখনই তেল ব্যবহার করবেন না। তেল গড়িয়ে গিয়ে আপনার মুখের বাকি অংশের মেকআপ নষ্ট করতে পারে।
৪. আই-লাইনার টানতে গিয়ে বাঁকা হয়ে গেছে?
এটি হলো মেকআপের সবচেয়ে সাধারণ একটি সমস্যা। প্রায়ই চোখ আঁকতে গিয়ে দুই পাশের লাইন সমান হয় না কিংবা শেষের অংশ মোটা হয়ে পড়ে। এ ক্ষেত্রে মেকআপ রিমুভারের পরিবর্তে আইক্রিম ব্যবহার করুন। তাহলে মসৃণভাবে এই দাগ মুছে যাবে এবং অতিরিক্ত বা বেঁকে যাওয়া লাইন পুনরায় ঠিক করে টানতে সহজ হবে।
৫. মুখের মেকআপে খুব বেশি ব্রোনজার লাগিয়ে ফেলেছেন?
মাঝেমধ্যে মেকআপে ন্যাচারাল লুক আনতে গিয়ে আমরা ব্রোনজার বেশি পরিমাণে ব্যবহার করে ফেলি। এ সমস্যা ঠিক করতে একটি পাফ নিয়ে সামান্য কনসিলার দিয়ে অতিরিক্ত মেকআপ তুলে নিন। আপনি যদি ম্যাট লুক আনতে চান, তবে ব্রাশে হালকা পাউডার নিয়ে ব্রোনজার মুছে না ফেলে রং হালকা করে নিন।

সিফাত জাহান সিফা