বিটরুটের পাঁচটি কার্যকর ফেসপ্যাক
বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ও ভিটামিন সি রয়েছে। এগুলো ত্বকের জন্য খুবই উপকারী। এই উপাদান প্যাক হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন। কীভাবে বিটরুটের ফেসপ্যাক তৈরি করবেন এবং ব্যবহার করবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। একনজরে চোখ বুলিয়ে নিন :
- দুই টেবিল চামচ বিটরুটের রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। একটি তুলার বলে এই প্যাক লাগিয়ে পুরো মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার একটি ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। দেখবেন, নিমেষেই ত্বক উজ্জ্বল ও সতেজ হয়ে যাবে।
- এক টেবিল চামচ বেসনের সঙ্গে এক চা চামচ বিটরুটের রস ও এক চা চামচ টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এর মধ্যে এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা এই পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বক নরম ও মসৃণ করে।
- এক চা চামচ দুধের সঙ্গে এক চা চামচ বিটরুটের রস ও পাঁচ ফোঁটা আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে মুখে পাঁচ মিনিট ম্যাসাজ করুন। এবার ১০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের শুষ্কতা দূর করতে বেশ কার্যকর।
- প্রথমে একটি বিটরুট কেটে ভালো করে ধুয়ে পাঁচ মিনিট সেদ্ধ করুন। এবার সেদ্ধ করা বিটরুট ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এর মধ্যে এক টেবিল চামচ মুলতানি মাটি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি তৈলাক্ত ত্বকের তেলতেলে ভাব একবারেই দূর করবে।
- এক চা চামচ বিটরুটের রসের সঙ্গে এক চা চামচ কমলার রস মিশিয়ে তুলার বল দিয়ে এই রস পুরো মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করবে।

ফিচার ডেস্ক