নাটকীয় ফাইনাল জিতে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল
উত্তেজনার পারদে ঠাসা, রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনা আর পেনাল্টি মিস—আফ্রিকান নেশনস কাপের ফাইনাল রূপ নিলো এক মহানাটকীয়তায়। সব নাটকীয়তার পর শেষ হাসি হাসল সেনেগাল। মরক্কোর ঘরের মাঠে তাদের কাঁদিয়ে শিরোপা পুনরুদ্ধার করলেন সাদিও মানেরা।
রোববার দিনগত রাতে (১৮ জানুয়ারি) মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত আফ্রিকান নেশনস কাপের ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে সেনেগাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতে সেনেগালের হয়ে জয়সূচক গোলটি করেন পাপ গেয়ি।
এটি সেনেগালের দ্বিতীয় আফ্রিকান নেশনস কাপ শিরোপা। এর আগে ২০২১ সালে তারা প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠে। প্রথমার্ধে দুই দলই গোল করার সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় জাল খুঁজে পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে স্বাগতিক মরক্কো বেশ কিছু জোরালো আক্রমণ চালায়, কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল মেলেনি।
আসল নাটক শুরু হয় নির্ধারিত সময়ের একদম শেষ মুহূর্তে। ইনজুরি সময়ে মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াস ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সিদ্ধান্তে খেপে গিয়ে সেনেগালের ফুটবলাররা প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, কোচ পাপ ঝাও তাঁর খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার নির্দেশ দেন।
এরপর কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর সেনেগালের ফুটবলাররা মাঠে ফিরে আসেন। তবে পেনাল্টি নিতে এসে চরম হতাশ করেন ব্রাহিম দিয়াস। তাঁর দুর্বল ও নিচু ‘পানেনকা’ শট গোলরক্ষক অনায়াসেই আটকে দেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) মরক্কোকে স্তব্ধ করে দেন পাপ গেয়ি। ইদ্রিসা গেয়ির পাস থেকে ডি-বক্সে ঢুকে কোনাকুনি বুলেট গতির শটে বল জালে জড়ান তিনি।
গোল শোধে মরিয়া মরক্কো শেষ দিকে একটি হেড পোস্টে লাগলে সমতায় ফিরতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ধরে রেখেই শিরোপা উৎসবে মাতে সেনেগাল।
ঘরের মাঠে হেরে মরক্কোর ৫০ বছরের অপেক্ষার অবসান হলো না। ১৯৭৬ সালের পর তারা আর এই শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, এক আসর বিরতি দিয়েই আবারও আফ্রিকার মুকুট নিজেদের করে নিল সেনেগাল।

স্পোর্টস ডেস্ক