ঐতিহাসিক ম্যাচে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি বাটলারের
অপেক্ষার পালা ফুরোলো বলে। এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ঝান্ডা ওড়ানোর প্রস্তুতি শেষ। এবার মাঠে নামার পালা। নারী এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। যারা এই টুর্নামেন্টে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও চীন।
ম্যাচটিকে বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন কোচ পিটার বাটলার। ম্যাচের আগে আজ অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ কোচ।
বাটলার বলেন, ‘এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে। সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি, তা যথেষ্ট।’
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না বাংলাদেশের জন্য, এটি জানেন কোচ। গোল হজম করতে রক্ষণাত্মক কৌশল সাজাবেন কি না, এমন প্রশ্নে বাটলার জানান, তার দল ‘বাস পার্ক’ করবে না।
বাংলাদেশ কোচ বলেন, ‘ফলাফল যা–ই হোক, আমরা বাস পার্ক করার মতো দল নই। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরুক এবং স্বাধীনভাবে ফুটবল খেলুক।’

স্পোর্টস ডেস্ক