লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা : এবার কি ভারতে যাবে বাংলাদেশ?
চলতি বছর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশকে বাদ দিয়েই অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। আগামী মাসে ভারতে বসতে যাচ্ছে ফুটবলের বৈশ্বিক আসর। তাই এর আগে প্রশ্ন ওঠছে, এবার কি করবে বাংলাদেশ?
সূচী অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের টানা দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। ঋতুপর্না চাকমা-আফঈদা খন্দকারদের লক্ষ্য এবার হ্যাটট্রিক শিরোপা।
আজ বুধবার (২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের ড্র। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আর মালদ্বীপ। গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল।
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কথা ছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। নিলামে দুই দলের সঙ্গে লড়াই শেষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ফিজকে দলে নেওয়ার পর রীতিমতো হুমকি দিতে থাকে ভারতের উগ্র ধর্মীয় ও রাজনৈতিক নেতারা। হুমকি দিয়ে বলা হয়, মুস্তাফিজকে এয়ারপোর্ট থেকেই বের হতে দেবেন না তারা। আরেকজন হুমকি দিয়ে বলেন, মুস্তাফিজকে খেলালে স্টেডিয়ামে ভাঙচুর চালাবেন তারা।
এরপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কেকেআরকে নির্দেশ দেয়, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। সেই অনুযায়ী, কেকেআর এক বিবৃতিতে টাইগার পেসারকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়। তবে, সেখানে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো সহ-আযোজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে। সেই আবেদনে সাড়া না দিয়ে বাংলাদেশকে বাদ দিয়েই হয় বিশ্বকাপ।
সেসময় ক্রিকেট দল ভারত সফরে না গেলেও শুটিংয়ের একটি দল ভারতে যায় খেলতে। এর ব্যাখ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানায়, শুটিং দলের খেলা ইনডোরে হওয়ায় নিরাপত্তা শঙ্কা নেই।
নিরাপত্তা শঙ্কা বা অন্যান্য বিষয় সামনে আনা হলেও এর মূলে ছিল দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। সেখানে একটি পরিবর্তন এসেছে এখন। নির্বাচনের পর ক্ষমতায় এসেছে বিএনপি সরকার। দুই দেশের মধ্যে সম্পর্কও কিছুটা উন্নতি হয়েছে। তাই এবার বাংলাদেশের ভারতে সাফ খেলতে যাওয়ার আশার আলো জ্বলতে পারে।

স্পোর্টস ডেস্ক