নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন অস্ত্র সাকলাইন, জানালেন লিটন
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তরুণ ক্রিকেটার আব্দুল গাফফার সাকলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়ে জাতীয় দলে নিজের যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।
কার্যকর পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও সমান দক্ষ সাকলাইন। এরই মধ্যে তাকে আগামীর বড় তারকা হিসেবে বিবেচনা করছেন নির্বাচকরা। খোদ অধিনায়ক লিটন দাসও তাকে কেবল বোলার নন, বরং একজন পুরোদস্তুর অলরাউন্ডার হিসেবে দেখছেন।
আগামীকাল সোমবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ রোববার (২৬ এপ্রিল) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাকলাইন ও দলের ব্যাটিং গভীরতা নিয়ে নিজের ভাবনার কথা জানান লিটন।
বিপিএলে রাজশাহীর হয়ে দারুণ খেলে সবার নজর কেড়েছিলেন সাকলাইন। তাঁকে নিয়ে লিটন দাস বলেন, ‘সাকলাইনকে আমি আমার দৃষ্টিতে একজন অলরাউন্ডার হিসেবে দেখি। হয়তো আপনি কোন ফরম্যাটের কথা বলছেন জানি না, তবে এখন ফরম্যাট টি-টোয়েন্টি।’
সাকলাইন সবচেয়ে বেশি আলো কেড়েছেন সর্বশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে। আগামীর জাতীয় দলের এই তারকাকে ধীরে ধীরে গড়ে তুলতে চান লিটন।
লিটন বলেন, ‘সে বিপিএলে রাজশাহীর হয়ে খুব ভালো খেলেছে। সেখান থেকেই সে নজর কেড়েছে। তাই চেষ্টা করব তাকে এখানে ধীরে ধীরে গড়ে তোলার। দলের সঙ্গে রেখে এমন পর্যায়ে নেওয়ার, যেন আমরা তাকে খেলাতে পারি এবং সে আমাদের প্রতিদান দিতে পারে।’
দলের ব্যাটিং গভীরতা নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক। লিটন বলেন, ‘আমাদের দলে এখন যে পাঁচজন বোলার আছে, তাদের মধ্যে তিনজনেই ভালো ব্যাটিং করতে পারে। শরিফুল বা রিপন মন্ডল হয়তো বড় ব্যাটার নয়, কিন্তু শেষ দিকে দ্রুত ৫-৬ রান করে দেওয়ার ক্ষমতা তাদের আছে।’
লিটন আরও যোগ করেন, ‘বিশ্বের বড় দলগুলোর ব্যাটিং গভীরতা অনেক বেশি থাকে। নয় নম্বর পর্যন্ত যদি ব্যাটসম্যান থাকে, তবে ওপরের দিকের ব্যাটাররা অনেক বেশি স্বাধীনভাবে এবং নির্ভীক হয়ে খেলার সাহস পায়। আমরাও সেই গভীরতা তৈরির চেষ্টা করছি।’

স্পোর্টস ডেস্ক