নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে
স্মার্টফোনে তোলা বর্তমানের ছবিকেই এখন সহজেই আশির দশকের পুরোনো ছবির মতো করে তোলা যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন টুল ব্যবহার করে ছবিতে যোগ করা যাচ্ছে সে সময়ের পোশাক, চুলের স্টাইল, মেকআপ, আলো ও ফিল্মের দানাদার আবহ।
আশির দশকের ফ্যাশনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ভলিউমযুক্ত চুল, উজ্জ্বল মেকআপ, বড় গয়না ও কনট্রাস্ট রঙের পোশাক। এআইয়ের মাধ্যমে এসব উপাদান যুক্ত করে বর্তমানের একটি ছবিকেও কয়েক দশক আগের স্টুডিওতে তোলা ছবির মতো দেখানো সম্ভব।
কীভাবে বানাবেন
প্রথমে এআই ছবি তৈরির কোনো টুলে নিজের একটি পরিষ্কার ছবি আপলোড করতে হবে। এরপর ছবিটি কীভাবে পরিবর্তন করতে চান, তা বিস্তারিত নির্দেশনায় লিখতে হবে।
যেমন-‘ছবিটিকে ১৯৮০-এর দশকের একটি বাস্তবসম্মত পোর্ট্রেটে রূপান্তর করুন। ব্যক্তির মুখের বৈশিষ্ট্য, পরিচয়, বয়স ও স্বাভাবিক অভিব্যক্তি অপরিবর্তিত রাখুন। ১৯৮০-এর দশকের উপযোগী চুলের স্টাইল, পোশাক ও মেকআপ দিন। পুরোনো স্টুডিওর আবহ, উষ্ণ রং, নরম ফ্ল্যাশ এবং ৩৫ মিমি ফিল্মের সূক্ষ্ম দানা যোগ করুন।’
বাংলাদেশের আশির দশকের আবহ চাইলে নির্দেশনায় পুরোনো ঢাকার রাস্তা, সে সময়ের পোশাক, স্টুডিও, কাঠের আসবাব কিংবা পুরোনো টেলিফোনের মতো উপাদানও উল্লেখ করা যায়।
ছবিকে আরও বিশ্বাসযোগ্য করতে চুল ও পোশাকের ধরন নির্দিষ্ট করে দেওয়া ভালো। তবে একসঙ্গে অতিরিক্ত উপাদান না দিয়ে নির্দিষ্ট একটি রেট্রো স্টাইল বেছে নিলে ফলাফল বেশি স্বাভাবিক হয়।
এআই প্রযুক্তির উন্নতির ফলে এখন শুধু ছবির রং পরিবর্তন নয়, নির্দিষ্ট সময়ের পোশাক, পরিবেশ, আলো ও ফটোগ্রাফির ধরনও তৈরি করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই পুরোনো দিনের বিভিন্ন সময়ের আবহে নিজের ছবি তৈরির প্রবণতা ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
সূত্র: লাইভমিন্ট, হিন্দুস্তান টাইমস

নিজস্ব প্রতিবেদক