তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি সই
দেড় যুগেরও বেশি সময়ের আফগান যুদ্ধের অবসানে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানদের ঐতিহাসিক শান্তিচুক্তি সই হয়েছে। আজ শনিবার কাতারের রাজধানী দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং তালেবান নেতাদের উপস্থিতিতে এই চুক্তি সই হয়।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষে জালমে খালিলজাদ এবং তালেবানদের পক্ষে মোল্লা আবদুল ঘানি বারাদার চুক্তিতে সই করেন। পরে উভয়ে করমর্দন করেন। ওই সময় পাকিস্তান, কাতার,তুরস্ক, ভারত, ইন্দোনেশিয়া, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং তাদের ন্যাটো মিত্ররা আগামী ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। অন্যদিকে, আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ রাখবে এবং আল-কায়েদাকে কোনো ধরনের কার্যক্রম চালাতে অনুমতি দিবে না তালেবানরা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির পর, এবার আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসবে তালেবানরা। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধে ২ হাজার চারশোরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। দেশটিতে বর্তমানে ১২ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।
দোহায় তালেবানদের প্রতিনিধি মোহাম্মদ নাইমের মতে, চুক্তিটির মাধ্যমে এক ধাপ এগিয়ে যাওয়া গেল। তিনি বলেন, ‘আফগানিস্তানে যুদ্ধের সমাপ্তি ঘটাবে এই চুক্তি।’
এদিকে মাইক পম্পেও বলেছেন, ‘এটা আফগানদের বিজয় তখনই হবে যখন তারা শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাস করতে পারবে।’

অনলাইন ডেস্ক