ফ্লোরিডায় বন্দুকধারীদের গুলিতে নিহত এক, আহত সাত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা এলাকায় বন্দুকধারীদের গুলিতে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে টাম্পার একটি বাস্কেটবল মাঠে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ, খবর রয়টার্সের।
তদন্তকারী কর্মকর্তারা বলছেন, টাম্পার বাস্কেটবল কোর্টের আশপাশে জমায়েত হওয়া লোকজনকে লক্ষ্য করে একটি গাড়ি থেকে অজ্ঞাত অস্ত্রধারীরা গুলি ছুড়ে। ওই গাড়িতে একাধিক ব্যক্তি ছিল বলে ধারণা করছেন তাঁরা।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, গুলির ঘটনাটি বিচ্ছিন্ন ছিল না। একদল মানুষকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে।
ফ্লোরিডার শেরিফ অফিসের কর্মকর্তা চাদ ক্রোনিস্টার বলেন, গুলিতে আহত ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্য পাঁচজন স্থিতিশীল রয়েছেন। হতাহতদের প্রত্যেকের বয়স ১৭ থেকে ৩৬ বছর।
ক্রোনিস্টার আরো বলেন, ‘আমরা ওই এলাকার বাসিন্দাদের মাঝে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি। যাদের কারণে এই ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’ এই হামলার পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে হিলসবোরো কাউন্টির গোয়েন্দা শাখা।

এনটিভি অনলাইন ডেস্ক