ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে পেন্টাগন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন এবং ৩৬৫ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর।
আজ রোববার (৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য জানায়।
পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী, আহত ৩৬৫ জন সেনার মধ্যে ২৪৭ জনই সেনাবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোর্পসের ১৯ জন ও বিমান বাহিনীর ৩৬ জন সদস্য রয়েছেন। গত শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
নিহতের সংখ্যার বিষয়ে পেন্টাগন জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১৩ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭ জন সরাসরি সম্মুখ যুদ্ধে নিহত হয়েছেন। বাকিদের মধ্যে ৬ জন কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এবং ১ জন সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মধ্যপ্রাচ্যে গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এর বিপরীতে ইরান ও তার মিত্ররা বাহরাইন, কুয়েত এবং আরব আমিরাতের মার্কিন ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

এনটিভি অনলাইন ডেস্ক