বিদায় বেলায় আরো ১০০ জনকে ক্ষমা করতে পারেন ট্রাম্প
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের শেষ পূর্ণ কর্মদিবসে আরো ১০০ জনকে সাধারণ ক্ষমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম সিএনএন আজ সোমবার এক প্রতিবেদনে জানায়, আগামীকাল মঙ্গলবারই এ সংক্রান্ত নথিতে সই করবেন বিদায়ী প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ১৯ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ পূর্ণ কর্মদিবস। ২০ জানুয়ারি দুপুরে জো বাইডেন নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি সাধারণ ক্ষমাপত্রে সই করতে পারবেন।
গতকাল রোববার হোয়াইট হাউসে তালিকা হালনাগাদ করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তাঁর নিজস্ব লোকজনকে সাধারণ ক্ষমা প্রদান করবেন, কাউকে কাউকে অপরাধ থেকে আগাম মুক্তিও দেবেন। এ ক্ষেত্রে মার্কিন সংবিধানে প্রেসিডেন্টকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে।
সিএনএন জানিয়েছে, গত রোববার হোয়াইট হাউসে এক বৈঠকে কারা কারা এই সাধারণ ক্ষমার আওয়ায় আসবেন তাঁদের নাম চূড়ান্ত করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক