মার্কিন কংগ্রেসের এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন
যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে চলমান মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
দীর্ঘ কয়েক মাসের টানাপোড়েনের পর হাউস ওভারসাইট কমিটির সামনে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট’ বা আদালত অবমাননার অভিযোগ আনার ভোটের ঠিক আগ মুহূর্তে এই সিদ্ধান্ত আসে। খবর বিবিসির।
২০১৯ সালে কারাগারে এপস্টেইনের মৃত্যুর আগে তার সঙ্গে বিল ক্লিনটনের পরিচয় ছিল। তবে ক্লিনটন তার বিরুদ্ধে আনা যৌন অপরাধের বিষয়ে কিছু জানা থাকার অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন, প্রায় দুই দশক আগে তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।
সাক্ষ্যগ্রহণ ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের প্যানেলের সামনে সাক্ষ্য দিতে যাচ্ছেন।
রিপাবলিকান নেতৃত্বাধীন হাউস ওভারসাইট কমিটি গত মাসে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে কনটেম্পট প্রস্তাব অনুমোদন করে, যাতে কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও সমর্থন দেন।
স্থানীয় সময় সোমবার (২ ফেব্রুয়ারি) বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন যে ক্লিনটন দম্পতি কমিটির সামনে হাজির হবেন। তিনি বলেন, তারা সৎভাবে আলোচনা করেছেন। কিন্তু কমিটি তা করেনি। সাবেক প্রেসিডেন্ট ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাজির হবেন এবং সবার জন্য সমান নিয়মের দৃষ্টান্ত স্থাপন করতে চান।
ক্লিনটন দম্পতির দাবি, তারা আগেই শপথের অধীনে বিবৃতি দিয়েছেন এবং এপস্টেইন সম্পর্কে তাদের কাছে থাকা সীমিত তথ্য প্রদান করেছেন। তারা সমন জারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে কমিটির চেয়ারম্যান জেমস কোমার বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। তিনি অভিযোগ করেন, ক্লিনটনের আইনজীবীরা দীর্ঘদিন ধরে সময়ক্ষেপণ করেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক