ভারতে জেলেনস্কির নামে চায়ের নতুন ব্র্যান্ড
ভারতের এক চা ব্যবসায়ী আসাম ব্র্যান্ডের একটি কড়া স্বাদের চায়ের নাম দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে। বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এই ব্র্যান্ডের নামের সঙ্গে একটি স্লোগানও যোগ করেছেন, ‘রিয়েলি স্ট্রং’ অর্থাৎ ‘সত্যি কড়া’।
জেলেনস্কি চা বাজারে আনা অ্যারোমিকা টি কোম্পানির কর্ণধার রঞ্জিত বড়ুয়া বলেন, ‘রাশিয়ার শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট যেভাবে লড়ছেন, এতে তার চরিত্রের দৃঢ়তাই প্রকাশ পেয়েছে- ঠিক যেন আমাদের এই চায়ের মতো। এই দুটি ব্যাপারের মধ্যে আমরা একটা তুলনা খুঁজে পেয়েছি।’
জেলেনস্কি চা তৈরি করা হয়েছে আসামের বেশ কয়েকটি চায়ের ব্লেন্ড থেকে। রঞ্জিত বড়ুয়া চা শিল্পে দীর্ঘদিন থাকলেও সম্প্রতি তিনি চায়ের ব্লেন্ডিং ব্যবসা শুরু করেছেন।
ইউক্রেনের যুদ্ধের সুযোগ নিয়ে ব্যবসায়িক মুনাফা করার জন্য তিনি এই নতুন ব্র্যান্ডের চা চালু করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যি প্রচারের কথা বিবেচনা করেই এই নাম রাখার কৌশল ঠিক করা হয়েছে। কিন্তু একই সঙ্গে আমাদের এই কড়া স্বাদের চায়ের জন্য এর চেয়ে কোনো উপযুক্ত নাম আর খুঁজে পাইনি।’
রাশিয়া, ইউক্রেনসহ বহু দেশে ভারতীয় চা রপ্তানি করা হয়। তবে রাশিয়ায় এই জেলেনস্কি ব্র্যান্ডের চা রপ্তানি করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘জেলেনস্কি ব্র্যান্ডের চা রাশিয়ায় পাঠালে তা বিক্রি করতে অসুবিধে হবে।’

এনটিভি অনলাইন ডেস্ক