যুক্তরাষ্ট্রে রিপাবলিকান নেতা গুলিবিদ্ধ
যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির শীর্ষস্থানীয় নেতা স্টিভ স্কেলিস গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। স্টিভ স্কেলিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান হুইপ।
আজ বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় এ ঘটনা ঘটে। বিবিসি ও সিএনএন জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় একইসঙ্গে আহত হয়েছেন আরো কয়েকজন ব্যক্তি।
আলেকজান্দ্রিয়ার পুলিশ জানিয়েছে, বন্দুকধারীসহ আরো পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
আলেকজান্দ্রিয়ায় একটি মাঠে বেসবল অনুশীলনে ব্যস্ত ছিলেন স্কেলিস। আগামীকাল বৃহস্পতিবার ন্যাশনাল পার্কে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে বেসবল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা।
ঘটনার পরই টুইটারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘লুইসিয়ানার স্টিভ স্কেলিস একজন সত্যিকারের বন্ধু এবং দেশপ্রেমিক। তিনি আহত হয়েছেন এবং দ্রুতই সেরে উঠবেন। আমাদের প্রার্থনা রইল।’ বিষয়টির ওপর নজর রেখেছেন বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট এবং আমি ভার্জিনিয়ার ঘটনাটি দেখছি।’ তিনি বলেন, ‘আমাদের দলের নেতা, কর্মী, পুলিশের ওপর আমাদের প্রার্থনা রয়েছে।’
২০০৮ সাল থেকে স্টিভ স্কেলিস লুইসিয়ানার কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি। তিনি রিপাবলিকান স্টাডি কমিটির চেয়ারম্যান।

অনলাইন ডেস্ক