‘ভুল পথে হাঁটছে বাংলাদেশ’
বাংলাদেশে চলমান সহিংস পরিস্থিতি, সামাজিক অবক্ষয়, নাজুক মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক বন্দিদের ওপর নির্যাতন এবং সম্প্রতি সিলেটে শিশু রাজন হত্যা ইত্যাদি বিষয় নিয়ে বিবৃতি দিয়েছেন সুইডেনের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস পার্টির জনপ্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের বিদেশ এবং মানবাধিকার কমিটির সদস্য লারস অ্যাডাকটুসন। বৃহস্পতিবার ইইউ ওয়েবসাইটে দেওয়া ওই বিবৃতির শিরোনাম ছিল ‘ভুল পথে হাঁটছে বাংলাদেশ।’
বিবৃতির শুরুতেই তিনি সিলেটে ১৩ বছরের শিশু রাজন হত্যাকাণ্ডের ভিডিওটির প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এই ভিডিওটি প্রমাণ করে অরাজকতা ও সহিংসতার মধ্য দিয়ে চলছে দেশটি।’
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে লারস অ্যাডাকটুসন বলেন, ‘দেশটিতে ২০১৪ সালে সাধারণ নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা বেড়েছে। শতাধিক লোক সরকারি ও অন্যান্য বাহিনীর হাতে নিহত হয়েছেন।
দেশটির আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে বিরোধীদের অপহরণ করেছে, এদের অনেকেই মারা গেছেন, অনেককে আবার বিচারবহির্ভূতভাবে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছে।’
গণতন্ত্র ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অ্যাডাকটুসন বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সুশীলসমাজ এবং বিরোধীপক্ষকে নিয়ন্ত্রণ করলেও একের পর এক ব্লগার ও সাংবাদিক খুন হচ্ছেন। দেশটিতে দুর্নীতি বাড়ার সঙ্গে সঙ্গে আইনের শাসন ক্ষয়িষ্ণু হচ্ছে। আর গণতন্ত্র ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।’
বাংলাদেশের বর্তমান অবস্থায় উদ্বেগ প্রকাশ করে অ্যাডাকটুসন বলেন, বাংলাদেশ পুলিশি রাষ্ট্র অথবা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচিত ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে। যদি তা না হয়, তাহলে ইইউ এর দেশটির নেতৃত্বের সঙ্গে সব ধরনের সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নকে বর্জন করার কথা ভাবতে হবে।


অনলাইন ডেস্ক