সৌদিতে বিরল রোগে আক্রান্ত শিশু, রাষ্ট্রের কাছে বাবার আবেদন
অজানা এক ভাইরাসে আক্রান্ত হয়েছে সৌদি আরবের এক মেয়েশিশু। দেশটির কোনো হাসপাতালেই চিকিৎসা হয়নি সামু নামের সেই মেয়েটির। অসুস্থ মেয়েটির বাবা চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার সাহায্য চেয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে।
অসুস্থ শিশুর বাবা নাওয়াফ আল– মুতাইরি বলেন, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এই রোগের কোনো চিকিৎসা হয়নি। দেশের বাইরে নিলেই আমার মেয়ে ভালো হতে পারে।
অসুস্থ সামুকে সাত মাস আগে আল দাওয়াদমি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির যকৃত (লিভার) অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে তাতে এনজাইমের ক্ষরণ বেড়ে গেছে। এ ছাড়া শিশুটির দেহে শ্বেত রক্তকণিকা ও হিমোগ্লোবিন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রমাগত জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুটি।
শিশুটির বাবা জানান, সামুকে প্রথমে রিয়াদের কিং সৌদ মেডিক্যাল সিটিতে নেওয়া হয়। সেখানে দুই সপ্তাহ জ্বরের চিকিৎসা করা হয়।
এরপর চিকিৎসকরা রোগটি ধরতে না পারায় শিশুটির বাবা সৌদি কর্তৃপক্ষের কাছে তাঁর মেয়ের জীবন বাঁচাতে আবেদন করেছেন। যাতে তাঁর মেয়েকে দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসা করা হয়।

আরব নিউজ