ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান
ইরান থেকে ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করা হচ্ছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আহত বা নিহত হয়েছেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন হিব্রু ভাষার গণমাধ্যম ও অনলাইন সূত্র থেকে। তবে এসব তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। প্রায় তিন দিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি এবং প্রায় চার দিন ধরে তার নতুন কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ সময় তার নামে যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো মূলত লিখিত আকারে এসেছে।
এর আগে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে প্রতিদিন অন্তত একটি, কখনো কখনো তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত কয়েক দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে।
এছাড়া কয়েকটি হিব্রু সূত্র দাবি করেছে, ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এতো জল্পনা-কল্পনার মধ্যেই মঙ্গলবার (১০ মার্চ) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি সম্বলিত একটি বিবৃতি প্রকাশ হয়েছে। বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘এখনো শেষ হয়নি’। তিনি আরও বলেছেন, এই অভিযান ইরানের ধর্মীয় নেতৃত্বকে দুর্বল করে দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক