এই ঘড়িটির দাম ১৪৭ কোটি টাকা!
এক ঘড়িই এক কোটি ৭৮ লাখ (১৪৭ কোটি ৩১ লাখ টাকা) মার্কিন ডলারে বিক্রি হয়েছে। শিরোনাম দেখেই অনেকের চোখ কপালে! বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নিলামে বিক্রি হয় ঘড়িটি। রোলেক্স ব্র্যান্ডের ঘড়িটি হলিউড অভিনেতা পল নিউম্যানের।
বিবিসি জানিয়েছে, ১৯৬৯ সালে পল নিউম্যানকে তাঁর স্ত্রী অভিনেত্রী জোয়ান উডওয়ার্ড ঘড়িটি উপহার দেন। তখন তাঁরা একসঙ্গে ‘উইনিং’ চলচ্চিত্রে অভিনয় করছিলেন।
ঘড়িটির নিলামে ১২ মিনিটের মধ্যেই অজ্ঞাত টেলিফোন কলের মাধ্যমে ঘড়িটি বিক্রি হয়। তবে নিলাম আয়োজকদের প্রত্যাশা ছিল মাত্র এক মিলিয়ন ডলার।
নিলাম আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই দামে হাতঘড়ি বিক্রির মধ্য দিয়ে রেকর্ড হয়েছে। তবে ২০১৪ সালে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপের একটি পকেটঘড়ি দুই কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হয়।

রোলেক্স ঘড়িটি দেওয়ার সময় উডওয়ার্ড ঘড়ির পেছনে খোদাই করে লিখে দিয়ে ছিলেন, ‘ড্রাইভ কেয়ারফুলি, মি’। ১৯৬৫ সালে পল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।
১৯৮৪ সালে পলকে তাঁর স্ত্রী আরো একটি ঘড়ি উপহার দেন। এরপর পল আগের রোলেক্স ঘড়িটি মেয়ের বন্ধু জেমস কক্সকে উপহার দেন।
কক্স এই নিলামের আয়োজন করেন। এই ঘড়ি থেকে প্রাপ্ত টাকা পল নিউমানের একটি দাতব্য প্রতিষ্ঠান ‘নিউম্যান ওন ফাউন্ডেশনে’ দেওয়া হবে।

পলের পুরো নাম পল লিওনার্দো নিউম্যান। তিনি ১৯২৫ সালের ২৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং পেশাদার রেসিং কারচালক। নিউম্যান গোল্ডেন গ্লোব পুরস্কার, ব্রিটিশ একাডেমি ফিল্ম পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার, এমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পুরস্কার জিতেন। ৮৩ বছর বয়সে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তিনি মারা যান।

অনলাইন ডেস্ক