দেয়ালে ধাক্কা খেল বিএসএফের বিমান, ১০ জনের প্রাণহানি
ভারতের নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি দেয়ালে ধাক্কা লেগে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, বিএসএফের তিন কর্মকর্তাসহ ৭ জন টেকনিশিয়ান নিয়ে সকালে রানচির উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। পথে একটি দেয়ালে ধাক্কা লেগে বিধ্বস্ত হয় বিমানটি। এর পরই আগুন ধরে এর একটি অংশ পড়ে যায় সেপটিক ট্যাঙ্কে। এর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে বিমানের আরো কিছু অংশ।
একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে আরো বলা হয়, বিএসএফের ‘সুপার কিং’ বিমানগুলো বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রীরা ব্যবহার করেন। সকালে বিধ্বস্ত বিমানটিতে সাতজন জ্যেষ্ঠ টেকনিশিয়ান ছিলেন। একটি হেলিকপ্টার মেরামত করতে তাঁরা রানচিতে যাচ্ছিলেন।
বিমান দুর্ঘটনার পর টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিএসএফের বিমান দুর্ঘটনা মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যাচ্ছি।’

অনলাইন ডেস্ক