মাথায় গুলি করে মাকে হত্যা করল আইএস জঙ্গি
সিরিয়ার রাক্কা প্রদেশে প্রকাশ্যে গুলি চালিয়ে মাকে হত্যা করেছে আলী সাকর আল-কাসেম (২০) নামের ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি। স্থানীয় মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে দি ইনডিপেনডেন্টের খবরে এ তথ্য জানানো হয়।
রাক্কার মানবাধিকারকর্মীদের সংগঠন ‘রাক্কা ইজ বেইং স্লটার্ড সাইলেন্টলি’ (আরআইবিএসএস) জানায়, জনতার সামনে মা লিনার (৪৫) মাথায় গুলি করে হত্যা করে আলী সাকর। তিনি মায়ের বিরুদ্ধে ধর্মত্যাগের অভিযোগ এনেছেন।
তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, কাসেমকে আইএস ছাড়ার পরামর্শ দিয়েছিলেন লিনা। এ ছাড়া দুজন মিলে রাক্কার বাইরে পালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এ জন্যই তাঁকে হত্যা করা হয়েছে।
অবজারভেটরি আরো জানায়, মায়ের বিষয়টি আইএসের শীর্ষ নেতাদের জানিয়েছিলেন কাসেম। পরে তারা মৃত্যুদণ্ডাদেশ দেন তাঁর মাকে। পরে আইএস নেতাদের কথামতোই মাকে হত্যা করেন কাসেম।

অনলাইন ডেস্ক