স্ত্রীর সাথে ‘সম্পর্ক’ করতে দিলেই শোধ হবে ঋণ!
সেচের কাজে পানির পাম্প কেনার জন্য দুই বছর আগে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছ থেকে ৯০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন মহারাষ্ট্রের এক কৃষক। এরপর কয়েক দফায় সুদসহ আড়াই লাখ টাকা ফেরতও দিয়েছিলেন তিনি। কিন্তু পঞ্চায়েতের সদস্যরা দাবি করেন ছয় লাখ টাকা। সেই টাকা দেওয়ার সামর্থ্য ছিল না দরিদ্র কৃষকের।
এরপর পঞ্চায়েতের ঋণ পরিশোধে ব্যর্থতার জেরে কৃষকের বাড়িতে হামলা চালায় পঞ্চায়েতের লাঠিয়ালরা। বাড়ি থেকে জোর করে ঋণের টাকায় কেনা সেচের পাম্পসহ অন্য জিনিসপত্র তুলে নিয়ে যায়।
এরপর গ্রাম পঞ্চায়েত সদস্যরা এক সালিশে ঘোষণা করেন, ওই কৃষকের স্ত্রীর সাথে যৌনসম্পর্ক করতে দিলেই শোধ হবে ঋণ ! নয়তো জোর করে তুলে নিয়ে যাওয়া হবে কৃষকের স্ত্রীকে এবং একঘরে করে রাখা হবে তাঁদের।
ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলায় এ ঘটনা ঘটেছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া । পত্রিকাটি আরো জানায়, এই ঘটনার পর গ্রাম থেকে পালিয়ে নাসিকে চলে যায় ওই দম্পতি। নাসিকে অবস্থানকালে কৃষকের স্ত্রীর ভাই এক সাংবাদিককে ঘটনাটি জানান। এরপরই প্রকাশ্যে আসে ন্যক্কারজনক এই ঘটনা।
বিষয়টি প্রকাশ্যে আসার পরই মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি এই ঘটনার প্রতিবাদ করেছে। আর এই ঘটনার সত্যতা পাওয়ার পর ওই গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেকান ক্রনিক্যাল।

অনলাইন ডেস্ক