সাগরে ডুবে ১৪ শিক্ষার্থীর মৃত্যু
ভারতের মহারাষ্ট্রের একটি সমুদ্রসৈকতে ডুবে গিয়ে নিহত হয়েছেন ১৪ কলেজ শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১০ ছাত্রী ও চারজন ছাত্র। এখনো নিখোঁজ রয়েছেন আরো চার শিক্ষার্থী। সোমবার মহারাষ্ট্রের পুনের আবেদা ইনামদার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণে সৈকতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কলেজ থেকে চারটি বাসে ১৩৫ ছাত্রছাত্রী এসেছিলেন পিকনিক করতে। জোয়ারের সময় তাঁদের অনেকেই সমুদ্রে নামেন। এ সময় আনন্দ-উচ্ছ্বাসে কেউ কেউ সৈকতের বিপজ্জনক সীমা ছাড়িয়ে যান। তখনই সমুদ্রের ঢেউ অনেককে ভাসিয়ে নেয়।
এ সময় অন্য শিক্ষার্থীদের চিৎকারে উদ্ধারকারী বাহিনী এসে পাঁচজনকে জীবিত অবস্থায় তীরে আনে। তবে বাঁচাতে পারেননি ওই ১৪ জনের প্রাণ। তাঁদের মধ্যে ১৩ জন পানিতে ডুবে সমুদ্রে ও একজন হাসপাতালে মারা যান। পুনের ওই কলেজের ছাত্রছাত্রী দলটিতে ১১৬ শিক্ষার্থী, আট অধ্যাপক ও তিনজন কলেজ কর্মকর্তা ছিলেন বলে কলেজ কর্তৃপক্ষের বরাতে জানা গেছে।
এদিকে, ঘটনাস্থলে গেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়োনবিশ। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহতরা ছাড়া বাকি চারজনের খোঁজ এখনো পায়নি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, ওই চারজনও আর বেঁচে নেই। তবুও শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ ও দমকলকর্মীরা।

অনলাইন ডেস্ক