কেজরিওয়ালের গাড়িতে ইটপাটকেল, টুইটে ক্ষোভ
পাঞ্জাবের লুধিয়ানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর হামলা হয়েছে। ওই রাজ্যের ক্ষমতাসীন দলের কর্মীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে বলে টুইটারে অভিযোগ করেছেন তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ক্ষোভ প্রকাশ করে কেজরিওয়াল লেখেন, ‘লুধিয়ানায় পাথর ও লাঠি নিয়ে আমার গাড়িতে হামলা হয়েছে। এতে গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। বাদল ও কংগ্রেস আতঙ্কিত? তারা আমার মনোবল ভাঙতে পারবে না।’
অপর এক টুইটে কেজরিওয়াল লেখেন, ‘তারা সম্ভবত আমাকে মেরে ফেলতে চায়। কিন্তু এতে কারো কোনো লাভ হবে না। দুর্নীতি থামান, এটা থামালেই দেশের লাভ।’
পরে এ ঘটনায় পাঞ্জাবের ক্ষমতাসীন পার্টি আকালি দলকে দায়ী করে টুইটারে আরো একটি টুইট করেছেন কেজরিওয়াল।

এদিকে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিনের পাঞ্জাব সফরে থাকা দিল্লির মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আম আদমি পার্টির প্রচারের সময় ওই হামলা হয়েছে।
এর আগে শুক্রবার পাঞ্জাব সফরে থাকা কেজরিওয়াল চান্দিগরে জনসভায় বক্তৃতা করেন। সেখানে দেশটির ক্ষমতাসীন বিজেপি পার্টি ও স্থানীয় আকালি দলের কর্মীরা তাঁকে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ করে।

অনলাইন ডেস্ক